ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সমকাল

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সমকাল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৩২ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৫৮

জুয়াড়িদের কাছ থেকে দু'বছর আগে একটি অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিসিবি কিংবা আইসিসির অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটকে (আকসু) প্রস্তাবের ব্যাপারে কিছু জানাননি তিনি। তাই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব। এ নিয়ে মঙ্গলবার সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন দেশি সংবাদমাধ্যমের পাশাপাশি জায়গা করে নিয়েছে বিদেশি সংবাদমাধ্যমে।

সমকালের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, 'আইসিসির নির্দেশনায় সাকিবকে অনুশীলন থেকে সরিয়ে রেখেছে বিসিবি। তার দুটি অনুশীলন ম্যাচে এবং অনুশীলন ক্যাম্পে যোগ না দেওয়ার এটাই কারণ। আইসিসি সাকিবকে ১৮ মাসের নিষেধাজ্ঞা দিতে পারে।' ভারত সিরিজ সামনে রেখে বিসিবি তাই বিপাকে আছে বলে লিখেছে হিন্দুস্তান টাইমস। এছাড়া সাকিবের অনুপস্থিতিতে টেস্টে মুশফিক এবং টি-২০ সিরিজে মাহমুদুল্লাহ অথবা মোসাদ্দেক হোসেন নেতৃত্ব দিতে পারেন বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা সাকিবের সাজার ব্যাপারে প্রশ্ন তুলে শিরোনাম করেছে, 'বুকির কথা চেপে গিয়ে আইসিসির বড় শাস্তির মুখে সাকিব?' আইসিসির কাছে সাকিব নিজের ভুল স্বীকার করেছেন। সমকালের সূত্র ব্যবহার করে বিষয়টি উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা। এছাড়া বিসিবিকে চিঠি দিয়ে বিষয়টি আইসিসি জানিয়েছে বলেও সমকালের বরাত দিয়ে লিখেছে তারা। শেষে তারা মন্তব্য জুড়ে দিয়েছে, আপাতত ভারত সফর চলে গেছে পিছনের সারিতে। বাংলাদেশ উত্তাল সাকিবকে নিয়ে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সাকিবের অনুশীলন ক্যাম্পে না থাকার বিষয়টিকে আগে এনেছে। আইসিসির নজরে থাকায় সাকিব অনুশীলন করছেন না বলে উল্লেখ করেছে তারা। সমকালের সূত্র দিয়ে তারা লিখেছে, ক্যাম্পের পাশাপাশি ভারতের বিপক্ষে বাংলাদেশ গোলাপি বলে টেস্ট খেলবে কি-না সেই বৈঠকেও ছিলেন না সাকিব। আইসিসি সাকিবের সাজার বিষয়ে কোন মন্তব্য করেনি সেটাও পরিষ্কার করেছে তারা। সমকালের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি লিখেছে, সাকিব এরই মধ্যে আইসিসির কাছে তার ভুল স্বীকার করেছেন।

ইংরেজি সংবাদ মাধ্যম ওয়াহক্রিকেট সমকালের নাম উল্লেখ না করলেও বাংলাদেশি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশ করেছে সংবাদটি। তারা লিখেছে, সাকিবকে আইসিসি অন্তত ছয় মাসের নিষেধাজ্ঞা দিতে পারে। দ্রুতই আইসিসি বাংলাদেশ অলরাউন্ডারকে সেই নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেছে তারা। ভারত সিরিজ সামনে রেখে এই ঘটনা বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে মনে করছে সংবাদ মাধ্যমটি। উল্লেখ আগামী ৩ নভেম্বর ভারতে তিন ম্যাচের টি-২০ ও দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

×