সৌরভের দাওয়াত বলেই কলকাতা যাবেন প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৬:৩৫
ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা। সফরের শেষ টেস্ট ম্যাচে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। এই খেলা দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এই টেস্ট ম্যাচ নিয়ে ইতিমধ্যে বেশ পরিকল্পনা হাতে নিয়েছেন। সৌরভ গাঙ্গুলীর এই আমন্ত্রণ প্রসঙ্গে মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এটি প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়। সৌরভের দাওয়াত বলেই আমি সেখানে যাব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। বিকেলে চলে আসব।'
তিনি বলেন, 'এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হলো সৌরভ। সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।'
এর আগে সৌরভ গাঙ্গুলি এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশের মধ্যকার খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যকেও তিনি আমন্ত্রণ জানাবেন ইডেনে।