ভুল করায় দুঃখ প্রকাশ সাকিবের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:৪৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ১৩:০৭
জুয়াড়ির প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় সব ধরণের ক্রিকেটে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। তবে তার প্রকৃত শাস্তি এক বছরের। নতুন করে কোন ভুল না করলে ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি।
মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম না মেনে ভুল করায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব। নিষেধাজ্ঞা নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেছেন, ক্রিকেটকে আমি ভালোবাসি। এই খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই খুব দুঃখিত। জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে না জানানোর ভুল আমি স্বীকার করেছি। খেলার মাঠে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের হয়ে ক্রিকেটাররাই প্রধান ভূমিকা পালন করেন। সেই হিসেবে আমি আমার কাজ ঠিকঠাক করিনি।'
সাকিব বলেন, ক্রিকেটকে তিনি দুর্নীতি মুক্ত রাখতে চান। অন্য ক্রিকেটার ও ভক্তদের মতো ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে আইসিসির সঙ্গে কাজ করে যাবেন তিনি। তরুণ ক্রিকেটাররা যাতে ভুল না করে সেজন্য দুর্নীতি নিয়ে আকসুর শিক্ষা কার্যক্রমের সঙ্গেও কাজ করতে চান বলে জানিয়েছেন সাকিব।
আইসিসির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মার্শাল বলেছেন, 'সাকিব আল হাসান একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। আইসিসির দুর্নীতিবিরোধী অনেক শিক্ষা কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন। নিয়ম-নীতি সম্পর্কে খুবই ভালো জানেন। তার অবশ্যই জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে জানানো উচিত ছিল।'
তদন্ত কার্যক্রমে সাকিব আকসুকে সহায়তা করেছেন বলে উল্লেখ করেন অ্যালেক্স মার্শাল।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- সাকিব নিষিদ্ধ