ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনাদের সমর্থনে আরও শক্তভাবে ফিরে আসব: সাকিব

আপনাদের সমর্থনে আরও শক্তভাবে ফিরে আসব: সাকিব
×

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৮:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ১২:৫০

আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান আবার ক্রিকেটে ফিরে আসতে দেশবাসী, ভক্ত, সরকার ও মিডিয়ার সহায়তা চেয়েছেন। আগে যেভাবে ভক্তরা তাকে সহায়তা করেছেন ভবিষ্যতেও সেটা করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সবার সমর্থন পেলে আরও ভালো ও শক্তভাবে ফিরে আসতে এবং দায়িত্ব পালন করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে আইসিসিকে দেওয়া বক্তব্য সংবাদ সম্মেলনে আবার পড়ে শোনান সাকিব। তিনি বলেন, ক্রিকেটকে আমি ভালোবাসি। এই খেলা থেকে নিষিদ্ধ হওয়ায় আমি খুব দুঃখিত। জুয়াড়ির প্রস্তাবের ব্যাপারে আইসিসিকে না জানানোর জন্য আমি ভুল স্বীকার করেছি। খেলার মাঠে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটকে ক্রিকেটাররাই সবচেয়ে বেশি সহায়তা করেন। সেই হিসেবে আমি আমার কাজ ঠিকঠাক করিনি।'

লিখিত বক্তব্যের অংশে সাকিব আরও বলেন, ক্রিকেটকে তিনি দুর্নীতি মুক্ত রাখতে চান। অন্য ক্রিকেটার ও ভক্তদের মতো ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে আইসিসির সঙ্গে কাজ করে যাবেন তিনি। তরুণ ক্রিকেটাররা যাতে ভুল না করে সেজন্য আকসুর দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমের সঙ্গেও কাজ করতে চান বলে জানান সাকিব।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিবি সভাপতি এ সময় অলরাউন্ডার সাকিবকে সমর্থন করার আহ্বান জানান। বিসিবি সব সময় সাকিবকে সব ধরনের সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন

×