সাকিবের ফেরা সময়ের ব্যাপার মাত্র: শিশির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৯:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৯:১০
মাঠের খেলায় বারবারই সাকিব আল হাসানকে অনুপ্রেরণা দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির; টেলিভিশন ক্যামেরার বদৌলতে সে দৃশ্য মাঠ থেকে ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। এবারও সাকিবের কঠিন সময়ে সরব হয়েছেন শিশির।
তবে মাঠের খেলা নয়; মাঠের বাইরে এক কেলেংকারিতে নাম জড়িয়ে পড়েছে বিশ্বসেরা অলরাউডন্ডারের। আইসিসির কোড অব কনডাক্টের তিনটি ধারা ভাঙার দায় স্বীকার করে নিষেধাজ্ঞার সাজা ভোগ করতে হচ্ছে তাকে।
বরাবরের মতোই এই কঠিন সময়েও শক্ত মনোবলের কথা বলেছেন সাকিবের স্ত্রী। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, এটা নতুন শুরুর একটি সূচনা। সাকিব আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। এটা সময়ের ব্যাপার মাত্র।
শিশির লিখেছেন, রাতারাতি কেউ কিংবদন্তী হয়ে যায়না। অনেক ঝড়, অনেক উত্থান-পতন পার করে হতে হয়। কঠিন সময় আসে; তারা এগুলো শক্ত মানসিকতা দিয়ে গ্রহণ করে। সাকিব আল হাসান কত দৃঢ় তা আমরা জানি।
সাকিবের পাশে থাকার জন্য দেশবাসী ও ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতি হিসেবে এই ঐক্যই আমাদের প্রয়োজন।
জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সাকিব যে আইসিসির নিষেধাজ্ঞার মুখে- মঙ্গলবার দৈনিক সমকালে তা প্রথম প্রকাশ হয়। প্রতিবেদনটি দেশে-বিদেশে এখন আলোচনায়।
মঙ্গলবার দৈনিক সমকালে প্রতিবেদনটি প্রথম সংস্করণ ও নগর সংস্করণে পৃথক শিরোনামে প্রকাশিত হয়। নগর সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল '১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন সাকিব'। আর প্রথম সংস্করণের শিরোনাম ছিল, 'জুয়াড়ির প্রস্তাব গোপন করেন সাকিব'।
- বিষয় :
- সাকিব