'নামটি তো সাকিব আল হাসান', বললেন মাশরাফি
মাশরাফির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ১২:২৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ১৩:০৮
জুয়াড়ির অনৈতিক প্রস্তাব নিয়ে আইসিসি কিংবা বিসিবিকে জানাননি সাকিব আল হাসান! এই অপরাধে তার ওপর নিষেধাজ্ঞা জরি করেছে আইসিসি। দেশ-বিদেশে যখন এই একই আলোচনা; তখন সাকিবের পাশে এসে দাঁড়ালেন তার সহযোদ্ধা ও আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মাশরাফি। খেলার মাঠে সাকিবের মাথায় হাত রাখা একটি ছবিসহ করা পোস্টে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে তিনি লিখেছেন তার আশার কথাও।
মাশরাফি লিখেছেন, 'দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার।'
তিনি লিখেছেন, 'তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!'
জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসিকে না জানানোয় দুই বছরের
জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিকেলে আইসিসির ওয়েবসাইটে এতথ্য জানানো হয়।
সাকিব যে আইসিসির নিষেধাজ্ঞার মুখে- মঙ্গলবার দৈনিক সমকালে তা প্রথম প্রকাশ হয়। সমকালে প্রতিবেদনটি প্রথম সংস্করণ ও নগর সংস্করণে পৃথক শিরোনামে প্রকাশিত হয়।
সমকালের নগর
সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল '১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন
সাকিব'। আর প্রথম সংস্করণের শিরোনাম ছিল, 'জুয়াড়ির প্রস্তাব গোপন করেন
সাকিব'।