ভারত সিরিজ মিস করায় হতাশ তামিম
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৮:০৬
বিশ্বকাপ ভালো কাটেনি তামিমের। জুলাইয়ে শ্রীলংকা সফরে ব্যাটসম্যান এবং অধিনায়ক তামিম পুরোপরি ব্যর্থ হন। সেই ধকল কাটাতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে নেন তিনি। মুখিয়ে ছিলেন ভারত সিরিজে ফিরতে। জাতীয় লিগে এবং দলের অনুশীলন ক্যাম্পেও সেজন্য যোগ দেন তামিম। তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতে যাওয়া হচ্ছে না তার। প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেটা মিস করায় হতাশ তামিম।
নিজের ভেরিফাইড ফেসবুকে ভারত সফরে না যেতে পারার কারণ তুলে ধরে তামিম লেখেন, 'আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।'
আক্ষেপ করে তিনি লেখেন, 'বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালো প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার পরও সফরে যেতে পারছি না। কারণ কখনও কখনও পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।'
ভারত সিরিজে মিস করার ব্যাখ্যা তামিম লিখেছেন, 'আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে ধারণার চেয়ে একটু বেশি সময় হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। তারা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।'
দলকে মিস করবেন জানিয়ে তামিম বলেন, 'আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।'