ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিজয়োল্লাসের অপেক্ষায় চট্টলা

বিজয়োল্লাসের অপেক্ষায় চট্টলা
×

ছবি: বাফুফে

সিয়াম আনোয়ার, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০১:৩৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০১:৪১

ট্রফিটা আলগানো যাবে তো! এই হচ্ছে ফাইনালের আগে স্বাগতিক কোচের চাপ। ট্রফি হাতে তোলার চাপ। তার দল চট্টগ্রাম আবাহনী আজ যখন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, তখন একে এম মারুফুল হকের চিন্তা- 'ট্রফির ওজন নিতে পারব তো!

বুধবার ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলা এ কথা থেকেই পরিষ্কার, কতটা নির্ভার থাকতে চাইছেন ফাইনালে ওঠা একমাত্র দেশি ক্লাবটির কোচ। চাপমুক্ত থাকার প্রচেষ্টার মতো স্পষ্ট শোনা গেল তার দৃঢ়চেতা প্রত্যয়ও, 'শিরোপার জন্য আমরাই ফেভারিট'। স্বঘোষিত এই ফেভারিটের তকমা নিয়ে ট্রফির লড়াইয়ে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ান ক্লাব তেরেঙ্গানু এফসির মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

১৯ অক্টোবর শুরু হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় এই আসরে দুই দলই ফাইনালে উঠেছে গ্রুপের মধ্যে সেরা ও সেমিফাইনালে উত্তেজনাকর সমাপ্তির মধ্য দিয়ে। শিরোপা মঞ্চে পা রাখার আগে চট্টগ্রাম আবাহনী হারিয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টস, লাওসের ইয়ং এলিফ্যান্টস ও ভারতের গোকুলাম কেরালাকে। এ ছাড়া গ্রুপের শেষ ম্যাচে হেরে গিয়েছিল মোহনবাগানের কাছে। উল্টোদিকে সেমিতে পশ্চিমবঙ্গের ক্লাবটিকে হারানো তেরেঙ্গানু গ্রুপপর্বে হারিয়েছিল ভারতের চেন্নাই সিটি ও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে, ড্র করেছিল গোকুলামের সঙ্গে। এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল তেরেঙ্গানু।

প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি ১৩ গোল করা দলও মালয়েশিয়ান ক্লাবটি। একসময় বাংলাদেশে আবাহনী লিমিটেডের হয়ে খেলে যাওয়া লি টাকের একারই গোল যেখানে ৬টি। এসব নিয়ে ভাবনার কিছু দেখছেন না চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক ও অধিনায়ক জামাল ভূঁইয়া। বরং শিরোপা উৎসবের ক্ষণটির অপেক্ষাতেই তারা। অধিনায়ক জামাল যেমন বলছিলেন, 'একটা লক্ষ্য নিয়েই আমরা খেলা শুরু করেছিলাম- চ্যাম্পিয়ন। এখন লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আশা করি, বাংলাদেশের মানুষের এবং চট্টগ্রামবাসীর জন্য আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব।'

গ্রুপ ও সেমির মতো সামর্থ্যের প্রদর্শনী দেখিয়ে ট্রফি হাতে তোলার ব্যাপারে আশাবাদী কোচ মারুফুল। প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে যে কৌশল আর পরিকল্পনা নিয়ে এগোতে হবে, সেটিতে কতদূর এগিয়েছেন উয়েফার লাইসেন্সধারী দেশের একমাত্র এই কোচ? 'প্রথমে ওদের যারা মূল খেলোয়াড় তাদের থামাতে হবে। এরপর আমাদের যারা মূল খেলোয়াড় তাদের কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ওরা সাধারণত মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে খেলে। আর আমরা নিজেদের অর্ধে বল পেলে দ্রুত আক্রমণে যাই।'

২০১৫ সালে আয়োজিত প্রথম আসরের শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী। তেরেঙ্গানু এ টুর্নামেন্টে খেলছেই প্রথম। ছয় দশকের বেশি বয়সী ক্লাবটির দেশের বাইরের প্রথম ফাইনালও এটি। কোচ মোহাম্মদ নাফুজি জৈন উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে চান, 'আমাদের দারুণ একটি সময় কাটছে এখানে। আশা করি, শেষটাও ভালো করে দেশে ট্রফি নিয়ে যেতে পারব।' চট্টগ্রাম আবাহনী কোচের মতে, আজকের ফাইনালে মূল ব্যবধান গড়ে দিতে পারে মাঝমাঠ। বিশেষ করে তেরেঙ্গানুর লি টাক বনাম মানিক হোসেন। তবে মোটের ওপর লড়াই দুই দলের বাইশজনের। যেখানে শেষ বাঁশির পর শিরোপা উৎসবের অপেক্ষায় চট্টলাবাসী।

আরও পড়ুন

×