অবসাদে ক্রিকেট থেকে বিশ্রামে ম্যাক্সওয়েল
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০২:৩৪
শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও দারুণ এক ফিফটি করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও দলে ছিলেন তিনি। তবে শ্রীলংকার ১১৮ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ফিফটিতে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে অজিরা। ব্যাট করতে হয়নি মেক্সিকে। সিরিজের শেষ ম্যাচে তাকে আর দেখা যাবে না অজি দলে। থাকবেন না পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেও। মানসিক অবসাদে ভোগা ম্যাক্সওয়েল ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম নিচ্ছেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট ড. মাইকেল লয়েড তার মানসিক অবসাদের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল তার মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেজন্য তিনি কিছু সময় ক্রিকেটের বাইরে থাকতে চান। ম্যাক্সওয়েল তার সমস্যা কাটিয়ে উঠতে চেষ্টা করেছেন। দলের সাপোর্ট স্টাফদের সহায়তা নিয়েছেন।’
মানসিক অবসাদ কাটিয়ে উঠতে ম্যাক্সওয়েল তার বিশ্রামের কথা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন। তাকে দেশটির ক্রিকেট বোর্ড সমানুভূতি জানিয়েছেন। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিকেটার এবং দলের অন্যান্য স্টাফদের মঙ্গলের জন্য বোর্ড সর্বোচ্চ সহায়তা দেবে। ক্রিকেটে আবার আগের মতো ফিরে আসতে ম্যাক্সওয়েলকে নিয়ে বোর্ড আলাদাভাবে কাজ করবে। অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের জন্য ম্যাক্সওয়েল বিশেষ একজন।’
ম্যাক্সওয়েলের বদলে শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ডি’আর্চি ম্যাথিউ শটসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চায়নাম্যান অলরাউন্ডার তিনি। ব্যাটিংটাই ভালো করেন। চারটি ওয়ানডে এবং ২০টি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে উইকেট শূন্য তবে টি-২০ ক্রিকেটে নিয়েছেন তিন উইকেট। টি-২০ ক্যারিয়ার সেরা ৭৬ রান করেছেন তিনি। ৩২.৮৮ গড়ে মোট টি-২০ রান ৫৯২।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- অস্ট্রেলিয়া
- ম্যাক্সওয়েল