মাস্ক পরে অনুশীলন লিটনের
ছবি: এএনআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৫:৩২
বাংলাদেশ থেকে আকাশ পথে দিল্লির দূরত্ব বেশি নয়। ভারতের বিমান ধরা বাংলাদেশ ক্রিকেট দল তাই বুধবার পাঁচটার দিকেই দিল্লি পৌঁছায়। বৃহস্পতিবার অনুশীলনে নেমে পড়ে টাইগাররা। আগামী ৩ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলতে মাঠে নামবে টাইগাররা। কিন্তু দিল্লির দূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে। ওই অনুশীলনে অবশ্য মুশফিকুর রহিম-মুস্তাফিজুর রহমানও ছিলেন। কিন্তু সংবাদ সংস্থ এএনআই জানায়, তারা মাস্ক ছাড়াই অনুশীলন করেছেন।
দিল্লিতে বায়ু দূষণ চরমে উঠেছে। এয়ার কুয়ালিটি ইনডেস্ক অনুযায়ী, বায়ু দূষণের মাত্র ২০১ থেকে ৩০০ মাত্রার (ট্রিগ্রার) হলে সেটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। দিল্লির বায়ু দূষণের মাত্রা সর্বোচ্চ ৪২৩ ট্রিগার পর্যন্ত উঠেছে। বুধবারও সেখানে সর্বোচ্চ ৩৩৫ এবং সর্বনিন্ম ২০৪ ট্রিগার বায়ু দূষণ রেকর্ড করা হয়েছে। যে কোন মানুষের জন্য যা মারাত্মক ক্ষতির কারণ হিসেবে ধরা হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি দিল্লিতে আয়োজন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বিভিন্ন মহল থেকে অনুরোধ করা হয়, ম্যাচটি দিল্লি থেকে সরিয়ে নিতে। তবে তা নেওয়া হয়নি। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি দিল্লিতেই হবে।
তবে ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্ষমতাসীন বিজেপির রাজনীতি করা গৌতম গম্ভীর মন্তব্য করেন, দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এখানে কোন ম্যাচ আয়োজন করা উচিত নয়। মানুষ অপেক্ষা একটা ক্রিকেট ম্যাচ কিংবা যে কোন খেলার আয়োজন বড় হতে পারে না। দিল্লির মানুষের কাছে সবচেয়ে বিরক্তির কারণ এখানকার এই বায়ু দূষণ।’ দিল্লির পরে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে রাজকোটে মুখোমুখি হবে দু’দল। সিরিজের শেষ টি-২০ ম্যাচ নাগপুরে অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- লিটন দাস