ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মণের মতে এক ম্যাচ জিতবে বাংলাদেশ

লক্ষ্মণের মতে এক ম্যাচ জিতবে বাংলাদেশ
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৬:২৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৮:৩৭

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজটা জিতবে ভারত। তবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের স্বাদ পাবে।

ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ভিভিএস লক্ষ্মণ এমনটাই মনে করছেন। তিনি মনে করেন, টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে নিজেদের পক্ষে নিয়ে আসবে ভারত।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে টি-২০ সিরিজ শুরু হবে। এরপর রাজকোটে দ্বিতীয় এবং নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলবে ভারত এবং বাংলাদেশ। ওই সিরিজের দলে নেই টি-২০ অধিনায়ক এবং বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান। টাইগারদের শক্তি তাই অনেকটাই কমে গেছে। তারপরও সাবেক ভারতীয় তারকা মনে করেন, স্বাগতিক ভারতের জন্য বাংলাদেশ কঠিন এক প্রতিপক্ষ হয়ে উঠবে। ভারতের টপ অর্ডারের কঠিন পরীক্ষা নেবে বাংলাদেশের বোলাররা।

ভারতীয় সংবাদ মাধ্যমকে ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘ওপেনিংয়ে রোহিত শর্মা এবং কেএল রাহুলকেই আমার বেশি ভালো মনে হচ্ছে। শেখর ধাওয়ান সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছেন না। ভারতীয় ব্যাটিংয়ের শক্তি বিবেচনায় নিয়ে বলা যায়, সিরিজটা তারাই জিততে যাচ্ছে।’ বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ভারতের মাটিতে সবচেয়ে বেশি অবদান রাখবে বলে মনে করেন তিনি।

ভারতের হয়ে ১৩৪ টেস্ট খেলা সাবেক এই তারকা বলেন, ‘তাদের বোলিং আক্রমণের মধ্যে মুস্তাফিজের ওপর বেশি চাপ থাকবে। স্পিন বোলিংয়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তাদের পেস আক্রমণ বেশ অনভিজ্ঞ। নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে দলের হয়ে বড় অবদান রাখতে হবে মুস্তাফিজকে।’

বিরাট কোহলি না থাকায় মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং লাইন আপ কিছুটা দুর্বল মনে হয়েছে লক্ষ্মণের কাছে। মুস্তাফিজুর এই সুযোগটা নিতে পারেন বলেই ইঙ্গিত এই সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটারের।

আরও পড়ুন

×