আবারও জাতীয় দলের ক্যাম্পে ফাহমিদুল
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৫ | ২২:২৭
জাতীয় দলের জার্সি এখনো গায়ে না জড়ালেও ইতোমধ্যেই দেশের ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে গত মার্চে ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। তখন তাকে বাদ দেওয়ায় উঠেছিল সমালোচনার ঝড়।
তবে এবার সুখবর, আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আবারও বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওলবিয়া ক্যালসিও, যারা ইতালির চতুর্থ স্তরের পেশাদার ফুটবল ক্লাব। ক্লাবটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে তার ক্যাম্পে ডাক পাওয়ার কথা জানিয়েছে।
বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। এর আগে ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। মূল ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে।
ভারতের বিপক্ষে দলে সুযোগ না পেলেও হার মানেননি ফাহমিদুল। নিজেকে প্রমাণের অপেক্ষায় ছিলেন তিনি। এবার তার সামনে নতুন করে সুযোগ এসেছে। এবার তিনি চূড়ান্ত একাদশে জায়গা করে নিতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।
- বিষয় :
- ফাহমিদুল ইসলাম
- বাফুফে