ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিবে নয়, চোখ রাখছি ম্যাচে: মাহমুদুল্লাহ

সাকিবে নয়, চোখ রাখছি ম্যাচে: মাহমুদুল্লাহ
×

ছবি: পিটিআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৪:০২ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ০৮:০৬

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঘুরে-ফিরে একটাই প্রশ্ন, সাকিব আল হাসান ছাড়া মানিয়ে নিতে পারবে বাংলাদেশ। সাকিব ছাড়া একটা বছর, গুছিয়ে উঠতে পারবে টাইগাররা? রোববার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দু'দল। ওই ম্যাচের পরে বিশ্লেষণ হবে সাকিব ছাড়া মাহমুদুল্লাহর নেতৃত্বে দল কেমন খেলেছে। বাংলাদেশ দলের টি-২০ অধিনায়ক তাই সাকিবে নয় চোখ রাখছেন ম্যাচের দিকে।

মাহমুদুল্লাহ বলেন, 'আমরা সবাই জানি যে, বাংলাদেশের একজন বড় পারফরমার সাকিব। সে একটা ভুল করেছে। কোন অন্যায় করেনি। আমাদের চোখ সামনের ম্যাচের দিকে। তরুণদের জন্য এগিয়ে আসার, দায়িত্ব নেওয়ার এবং দক্ষতা প্রমাণের এটা একটা বড় সুযোগ। তবে সাকিবের জায়গা পূরণ করা খুবই কঠিন। তার মতো ক্রিকেটার এক দিনে তৈরি হয় না।'

টি-২০ ফরম্যাটে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ অলরাউন্ডারের অনুপস্থিতিতে এর আগে ১১ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে সাকিবের সুনামও ভালো। ঠান্ডা মাথার ক্রিকেটার তিনি। টি-২০ ফরম্যাটে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সাল পর্যন্ত টি-২০ ফরম্যাটে মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট ছিল ১০৩.৭৮। শেষ তিন বছরে সেটা ১৩১.৯৬ তে নিয়ে গেছেন তিনি। হয়ে উঠেছেন ফিনিশারও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৩ সালে চিটাগং ভাইকিংস এবং ২০১৫ সালে বরিশাল বুলসকে ফাইনালে তুলেছেন তিনি। দলের সিনিয়র ক্রিকেটার এবং নেতা হিসেবে তাই মাহমুদুল্লাহর কাঁধে দায়িত্ব বর্তাচ্ছে বেশি। মাহমুদুল্লাহ চান সাকিবের মতো নেতৃত্ব দিতে এবং মাশরাফির মতো দলকে সাহস দিতে। অধিনায়ক মাশরাফি এবং সাকিবের থেকে মাহমুদুল্লাহ যা শিখেছেন কা কাজে লাগাতে চান।

ভারত সিরিজে সাকিবের বদলে টি-২০ দলের নেতৃত্ব পাওয়া মাহমুদুল্লাহ বলেন, 'আমরা এক সঙ্গে অনেক বছর খেলেছি। সাকিব দারুণ এক নেতা। অন্যদিকে মাশরাফি প্রেরণাদায়ী এক অধিনায়ক। আমিও চেষ্টা করবো নিজের জায়গা থেকে এগিয়ে আসতে এবং ভালো নেতা হতে। দলকে পরিচালনা করার খুবই ভালো এক সুযোগ এটা আমার জন্য। আমরা দল হিসেবে ভালো খেলার এং আমাদের দক্ষতা প্রমাণের চেষ্টা করবো।'

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ নিয়ে মাহমুদুল্লাহ জানান, তাদের লক্ষ্য বড় রান করা এবং ভারতকে চাপে রাখা। এছাড়া দিল্লির দূষণ নিয়ে বাংলাদেশ এই অধিনায়কের মন্তব্য, এ নিয়ে তিনি বেশি চিন্তিত নয়। কারণ কন্ডিশনের ব্যাপারটা তাদের হাতে নেই। তারা তাই এই প্রতিকুলতা পাড়ি দিয়ে ভালো খেলার দিকে মন দিচ্ছেন।

আরও পড়ুন

×