স্মিথদের আইপিএলের প্রস্তুতি রাখতে বলল অস্ট্রেলিয়া
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০১:৪৮
ইংল্যান্ড সফরের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে ওই সফর করতে চাই অজিরা। সূচি অনুযায়ী, এরপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপ। কিন্তু অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে।
অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার তাই স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সের মতো ক্রিকেটারদের আইপিএলের জন্যও মানসিক প্রস্তুতি রাখতে বললেন।
অস্ট্রেলিয়ার কোচ বৃহস্পতিবার ডেইলি টেলিগ্রাফকে বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের স্বাস্থ্যের জন্য হলেও সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাওয়া উচিত অস্ট্রেলিয়ার। করোনাকালে চ্যালেঞ্জ থাকবেই। সেটা মোকাবিলাও করতে হবে। এটা ক্রিকেটের স্বার্থেই দরকার। ক্রিকেটের স্বার্থেই আমরা চাই ভারত অস্ট্রেলিয়া সফরে আসুক।’
ভারতীয় ক্রিকেট বোর্ড অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের কথা ভাবছে। আইপিএল হলে অজি ক্রিকেটারদের অংশ নিতে দেওয়া উচিত বলে মনে করছেন ল্যাঙ্গার, ‘প্রত্যেক দিনই আইপিএল নিয়ে নতুন নতুন খবর কানে আসছে। আমি মনে করি, আইপিএল হলে ক্রিকেটারদের অংশ নিতে দেওয়া উচিত।’
কিন্তু আইপিএল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রভাব ফেলবে পারে। ল্যাঙ্গার মনে করেন, আইপিএলের সূচি নির্ধারণ হলেই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন তারা। আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ও আইপিএল একই সঙ্গে হলে স্টিভ স্মিথ-প্যাট কামিন্সদের ছাড়পত্র দেওয়ার পক্ষে ল্যাঙ্গার।