তারুণ্যের পরীক্ষায় দুই দলই
ছবি: বিসিবি
আলী সেকান্দার, দিল্লি থেকে
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০১:২৬
বাংলাদেশ দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। হঠাৎ করে দেখলে অচেনা একটা দল মনে হতে পারে। চেনা ক্রিকেটারদের থেকে কেবল মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম আছেন স্কোয়াডে। সৌম্য সরকার, লিটন দাসরা অনেক দিন খেলে ফেললেও তারাও তো তরুণ। আরাফাত সানি ও আল-আমিন হোসেন অভিজ্ঞ তালিকার সদস্য হলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেই প্রায় সাড়ে তিন বছর। সেদিক থেকে তরুণ একটি দল নিয়ে রোববার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু। এই ম্যাচের স্বাগতিক ভারতও অপেক্ষাকৃত তরুণদের নিয়েই খেলছে। ২০২০ সালের টি২০ বিশ্বকাপের জন্য দল গোছাতে এই পরীক্ষা-নিরীক্ষা করছে তারা। তাই বলা যেতে পারে, তারুণ্যের নতুন শুরু দিল্লিতে। দু'দলেই তরুণদের পরীক্ষা।
বাংলাদেশের এই দলে সবচেয়ে বেশি টি২০ ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। ৮১ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদুল্লাহ ৮০ ম্যাচ খেলেছেন। এর পরই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এই সংস্করণে দেশের সেরা ক্রিকেটারও এ দুই তারকা। সেরা দু'জনের জায়গা পেতে যাচ্ছেন নতুন কেউ। ম্যাচ খেলার অভিজ্ঞতায় সৌম্য, মুস্তাফিজরা অনেক পেছনে। আর আফিফ হোসেনও শুরু করেছেন বেশি দিন হয়নি। বয়োজ্যেষ্ঠ হয়েও আরাফাত সানি, আল-আমিনরা তাদেরও অনেক পেছনে।
আর নাঈম শেখের তো অভিষেকই হয়নি। এদিক থেকে দেখলে আজ দিল্লিতে তরুণদের দিন হলেও হতে পারে। যাদের কাছে অধিনায়ক মাহমুদুল্লাহর চাওয়া ভয়ডরহীন ক্রিকেট খেলা। অধিনায়কের বিশ্বাস, নবীনরা দলের প্রত্যাশা পূরণ করতে পারবেন, 'যারা ইয়াংস্টার আছে আফিফ, নাঈম, বিপ্লব- তাদের ওপর আমার ১০০ ভাগ বিশ্বাস আছে। ওরা ভালো পারফরম্যান্স করতে পারবে, এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে ব্যক্তিগতভাবে ওরা কী চিন্তা করছে, ওদের মানসিকতা কীরকম, এসব ওদের ওপর নির্ভর করছে।'
ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছুটি নিয়েছেন। নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দেড় বছর আগে কলম্বোর নিদাহাস ট্রফিতেও মাহমুদুল্লাহদের প্রতিপক্ষ অধিনায়ক ছিলেন তিনি। ত্রিদেশীয় ওই সিরিজের বাংলাদেশ ভারতের ফাইনালে বিজয়ের হাসি হেসেছিলেন রোহিত। ওখান থেকেই টি২০ দল গোছাতে শুরু করেছে দেশটি। তারই ধারাবাহিকতায় খলিল আহমেদ, সানজু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুরদের সুযোগ করে দেওয়া হচ্ছে নিয়মিতই। বিশ্বকাপের দল গোছাতে বাংলাদেশের মতো স্বাগতিকদের জন্যও পরীক্ষা-নিরীক্ষার সিরিজ এটি।
যেখানে রোববার টি২০-তে ম্যাচ খেলার রেকর্ড গড়বেন রোহিত। ভারতের হয়ে ৯৯তম ম্যাচ খেলবেন তিনি। ৯৮ ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে যাবেন টপঅর্ডার এ ব্যাটসম্যান। নিজের মাইলফলকের ম্যাচে তরুণদের কাছে রোহিতের চাওয়া সুযোগ কাজে লাগানো। শনিবার দিল্লিতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক তরুণদের উদ্দেশে বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত সুযোগ আসবে। তরুণদের সেটা কাজে লাগাতে হবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরও যেতে হয়েছে। আমরা তিনজনকে স্কোয়াডে নিয়েছি। আমি নিশ্চিত, তারা পরিশ্রম করছে। সীমিত সুযোগের মধ্যেও তারা ভালো করতে মুখিয়ে থাকে। যে জন্য তারা সুযোগ পেলেই রান করে।'
রোহিতের এই বার্তা সৌম্য-লিটনদের কানে গেছে কি-না জানা নেই। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও এখান থেকে শিক্ষা নিতে পারেন। সৌম্য, লিটন, মিঠুনরা এখন পর্যন্ত সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। টি২০ তারুণ্যের ক্রিকেট হলেও তারুণ্যের ঝলক অপ্রকাশিত। সুতরাং এখন থেকে এই ক্রিকেটারদের দায়িত্ব নেওয়ার পালা। ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই খেলতে হবে সেরাটা। সাকিবের অনুপস্থিতিতে আফিফ হোসেনের ওপর প্রত্যাশার চাপ। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজে দারুণ ব্যাটিং করেছেন। ভারতের বিপক্ষে এবার তার সাকিব হয়ে ওঠার পালা।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- প্রথম টি-২০
- দিল্লি