ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এশিয়ান কাপ

মেয়েদের টার্গেট উজবেকিস্তান

মেয়েদের টার্গেট উজবেকিস্তান
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ১৩:৩৭

চোখ ধাঁধানো ড্রয়ের অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কেউই। অথচ সিডনি টাউন হলে গতকাল মেয়েদের এশিয়ান কাপের ড্রয়ে বাংলাদেশের নামটি তোলেন ভারতের ফুটবলার সানজিতা বাসফো। চার নম্বর পট থেকে তিনি কাগজ তুললে বাংলাদেশের অবস্থান গিয়ে দাঁড়ায় গ্রুপ ‘বি’তে। যেখানে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা খেলবেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সঙ্গে। আগামী ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। একই শহরে ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় আর ৯ মার্চ পার্থের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে খেলবে লাল-সবুজের দলটি।

র‍্যাঙ্কিং বিবেচনায় দলগুলোকে বিভিন্ন পটে ভাগ করা হয় এবং একইভাবে গ্রুপিংটাও হয়েছে সেভাবে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮তম। ১২ দলের মধ্যে সবার শেষে। আর কোনো দলের র‍্যাঙ্কিং একশর ওপরে নেই। সেই হিসেবে বাংলাদেশ যে কঠিন গ্রুপে পড়বে, তা অনুমেয়ই ছিল। গ্রুপে থাকা ৫১ নম্বরের দল উজবেকিস্তানকেই টার্গেট করবে মেয়েরা– এটা সহজেই অনুমেয়। এই দলটি পাঁচবার এশিয়ান কাপে খেললেও কখনও অলিম্পিক কিংবা বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি।

গ্রুপ যে কতটা কঠিন, তা উঠে এসেছে বাংলাদেশ কোচ পিটার বাটলারের কণ্ঠে। মঙ্গলবার বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ব্রিটিশ এ কোচ বলেন, ‘গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয়, এটা মেনে নিয়ে উপভোগ করা উচিত। আমার ও দলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ১২ মাস আগে আমরা চায়নিজ তাইপের বিপক্ষে খেলেছিলাম এবং তখন বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলাম। তারপর থেকে ধীরে ধীরে দলে পরিবর্তন এনেছি, উন্নতি করেছি এবং ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছি।’

তিন প্রতিপক্ষই কঠিন, তার পরও আশাবাদী পিটার বাটলার, ‘১২ মাস আগের চেয়ে আমরা এখন ভালো দল। ছয় মাস, এমনকি তিন মাস আগের চেয়েও ভালো অবস্থানে আছি। চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু সবকিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা ভালো ছাপ রাখব।’

এশিয়ান কাপের গ্রুপ ও সূচি

মেয়েদের এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বাফুফের দিকে তাকিয়ে ব্রিটিশ এ কোচ, ‘কথা বলা সহজ। আমি বলতে পারি, আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আশা করছি, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারব।’

আরও পড়ুন

×