শেখ হাসিনাকে যেভাবে সম্মাননা জানানোর পরিকল্পনা সৌরভের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৬:১০
বিসিসিআইয়ের আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগেই সৌরভ গাঙ্গুলি ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সৌরভের পাঠানো আমন্ত্রণ ইতোমধ্যে গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কলকাতার যুবরাজ সৌরভ গাঙ্গুলি ইডেন গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে সম্মানিত করার পরিকল্পনা নিয়েছেন। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বল-আকৃতির স্মারক ও সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি)। আগামী সপ্তাহে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
টেস্টকে আকর্ষণীয় করে তুলতে ভারতের সাবেক টেস্ট অধিনায়কদেরও আমন্ত্রণ জানাচ্ছে সিএবি। ভারত-বাংলাদেশ ম্যাচের প্রথম দু’দিন দেখা যেতে পারে ভারতের সব টেস্ট অধিনায়ককে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) পরিকল্পনা, প্রথম দিন জাতীয় সঙ্গীতের সময় দু’দলের ক্রিকেটারদের সঙ্গে সাবেক অধিনায়কেরাও যোগ দেবেন।
টেস্টের তৃতীয় দিন ‘সাপার ব্রেক’-এ আয়োজন করা হয়েছে বিশেষ ‘টক শো’-র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতিচারণ করবেন সৌরভ, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। এখানেই শেষ নয়। ইডেনে গোলাপি বলের অনুশীলনও সরাসরি সম্প্রচার হতে পারে। এমনকি সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে ‘বি’ ও ‘এল’ ব্লক। বিনামূল্যে বিরাট কোহালিদের ঐতিহাসিক টেস্টের প্রস্তুতি দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
এইচআইভি ও ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে প্রতিদিন সাপার ব্রেকে। শিশুদের সঙ্গে ধারাভাষ্যকারেরাও খেলায় যোগ দেবেন।
- বিষয় :
- শেখ হাসিনা
- সৌরভ গাঙ্গুলি