ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডারউইনে জয়ে শুরুর লক্ষ্য সোহানদের

ডারউইনে জয়ে শুরুর লক্ষ্য সোহানদের
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ১১:৫২

অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি২০ সিরিজে গত বছর থেকে অংশগ্রহণ করছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসও ছিল ২০২৪ সালে। এবার বিদেশি দলের সংখ্যা বেড়ে তিনে উন্নীত হয়েছে– বাংলাদেশ ‘এ’ দল, শাহিনসের সঙ্গে খেলছে নেপাল জাতীয় দল। ডারউইনে আজ থেকে শুরু হচ্ছে টি২০ ক্রিকেট উৎসব। 

বাংলাদেশ এ দল আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে জয়ের লক্ষ্যে মাঠে নামবেন ক্রিকেটাররা। ঢাকার সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে খেলা দেখা যাবে।

বিসিবি এইচপি দল গত আসরের ফাইনালে উন্নীত হলেও শিরোপা জিততে পারেনি। এইচপির ছেলেদের সেট করা বেঞ্চমার্ক ছাড়িয়ে যেতে চান এ দলের ক্রিকেটাররা। শিরোপা জিতে দেশে ফিরতে চান তারা। দেশ ছাড়ার আগে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, ‘শেখার দিন শেষ, আমরা জিততে চাই। খেলতে খেলতেই শেখা হবে।’ 

বাংলাদেশের ক্রিকেট জন্মলগ্ন থেকেই শিক্ষা সফর করেছে। বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছে বিদেশ সফর মানে শিক্ষা সফরের চেয়ে বেশি অর্জনের। এ দলের হয়ে ভালো খেলা ক্রিকেটারদের সুযোগ থাকবে জাতীয় দলে যুক্ত হওয়ার। মাহিদুল ইসলাম অঙ্কনরা নিজেদের মেলে ধরতে পারলে মিডল অর্ডারের বিকল্প হতে পারবেন লিটন কুমার দাসের দলে। সেদিক দিয়ে অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি২০ টুর্নামেন্টটি সোহানদের জন্য নিজেদের মেলে ধরার মঞ্চ।

আরও পড়ুন

×