ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাকিব-তামিমকে জয় উৎসর্গ টাইগারদের

সাকিব-তামিমকে জয় উৎসর্গ টাইগারদের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১২:৩৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৩:৩২

ভারত সফরের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়িন্টেতে এ জয় তারা উৎসর্গ করেছে সতীর্থ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। 

ভারতের ১৪৮ রানের জবাবে মুশফিক-সৌম্যর দারুণ ব্যাটিংয়ে তিন বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। অধিনায়ক মাহমুদুল্লাহর ছক্কায় শেষ হাসি হাসে বাংলাদেশ। ম্যাচে মুশফিক অপরাজিত ৬০ রান করেন। আর ৩৫ বলে ৩৯ রান করেন সৌম্য সরকার। সাকিব-তামিমকে ছাড়াই ভারতকে হারিয়ে দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর দলের এ দুই অপরিহার্য তারকাকে স্মরণ করে সৌম্য বলেন, তামিম ও সাকিব আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অবশ্যই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলে। এ জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের অফার পেয়ে তা ফিরিয়ে দিলেও বিষয়টি আইসিসিকে না জানানোয় সাকিবকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। এর মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে। আর স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় ছুটিতে আছেন তামিম। ফলে তারা বাংলাদেশ দলের সঙ্গে ভারত সফরে যেতে পারেননি।

আরও পড়ুন

×