ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১১ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডস

১১ বছর পর বাংলাদেশে নেদারল্যান্ডস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ১১:২০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ১১:৩৮

দীর্ঘ ১১ বছর পর আবারও বাংলাদেশে পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় পৌঁছায় তারা। সেখান থেকে দুপুরের ফ্লাইটেই সিলেটে চলে যাবে সফরকারীরা।

সবশেষ ২০১৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে তারা। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসে গিয়ে দুই ম্যাচের একটি টি–টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা। এরপর ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে সিলেট ও চট্টগ্রামে সাতটি ম্যাচ খেলে ডাচরা।

আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

এদিকে আসন্ন সিরিজের জন্য নিজেদের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার। তাদের জায়গায় ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

অনূর্ধ্ব–১৯ স্তরে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পেলেন তরুণ সেডরিক। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তরুণদের দলে সুযোগ করে দেওয়া সবসময়ই আনন্দের। সেডরিক সারা গ্রীষ্ম ধরে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছে। জাতীয় দলে তার জায়গা পাওয়া সময়ের ব্যাপারই ছিল। সামনে তার লম্বা ক্যারিয়ার অপেক্ষা করছে।’

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

আরও পড়ুন

×