ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেনারবাচে থেকেও ছাঁটাই হলেন মরিনহো 

ফেনারবাচে থেকেও ছাঁটাই হলেন মরিনহো 
×

পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৪:৩৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ | ১৪:৩৭

স্বঘোষিত স্পেশাল ওয়ান হোসে মরিনহো এখন কোচিং পেশার যাযাবর। এক মৌসুম এ ক্লাবে তো পরের মৌসুম অন্য ক্লাবের ডাগ আউটে তিনি। কিছুতেই থিতু হতে পারছেন না কোথাও। হোক সেটা প্রিমিয়ার লিগ, ইতালির সি আ’ কিংবা তুর্কিস লিগ। এই যেমন শুক্রবার তুর্কিস ক্লাব ফেনারবাচে থেকেও চাকরি হারালেন তিনি।

তার এবারের চাকরি হারানোর কারণ ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়া। ফেনারবাচে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ম্যাচে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে হেরেছে। এই হারে তাদের ইউরোপ সেরার লড়াইয়ে খেলার সুযোগ শেষ হয়ে গেছে।

এরপরই ক্লাবের পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেওয়া হয়েছে। এক্সে ক্লাবের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে দলের সঙ্গে কাজ শুরু করা মরিনহোর সঙ্গে ক্লাব চুক্তি শেষ ঘোষণা করছে। ক্লাবের জন্য তিনি যে চেষ্টা ও পরিশ্রম দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তার সুন্দর ভবিষ্যত কামণা করছি।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মরিনহো চেলসিতে যোগ দেন। লিগ শিরোপা জিতলেও ক্লাবে দুই মৌসুম পার করতে পারেননি তিনি। পরে আরও একবার ব্লুজদের সঙ্গে চার বছরের চুক্তি করে ওই বছরই চাকরি হারান। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েও সাফল্য না পাওয়ায় দুই মৌসুম পরে ছাঁটাই করা হয় তাকে। টটেনহ্যামে গিয়েও দুই মৌসুম পার করতে পারেনি। ২০২১ সালে ইতালির ক্লাব রোমায় যোগ দিয়ে তৃতীয় মৌসুমের শুরুতে চাকরি হারান। তার ফেনারবাচ ছাড়তে হচ্ছে এক বছর পরই।

নামটা হোসে মরিনহো বলেই চাকরি হারানোর আগেই নতুন চাকরিতে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়ে গেছে। ফেনারবাচে থেকে ছাঁটাই হওয়ার আগে সংবাদ মাধ্যমে খবর এসেছে, প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট তাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। ক্লাবটি আরেক পর্তুগিজ কোচ নুনো স্পিরিন্তো সান্তোসের সঙ্গে চুক্তি বাতিল করতে চায়।      

আরও পড়ুন

×