সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৯:৪৬
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি নতুন করে জায়গা করে নিলো দেশটির জাতীয় জাদুঘরে। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অজি অধিনায়ক হিসেবে মাঠে নামার সময় তিনি যে টুপিটি পরেছিলেন, সেটি নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা। রাজধানী ক্যানবেরায় অবস্থিত জাতীয় জাদুঘরের জন্য টুপিটি কিনতে নিলামের অর্ধেক অর্থ পরিশোধ করেছে ফেডারেল সরকার।
এই ক্যাপটি ব্র্যাডম্যান পরেছিলেন ১৯৪৬-৪৭ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটাই ছিল প্রথম অ্যাশেজ। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড কোনো ম্যাচই জিততে পারেনি। সেই অ্যাশেজে ব্র্যাডম্যানের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছিল ৩-০ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, ‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া কঠিন। সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। তার আইকনিক ব্যাগি গ্রিনগুলোর একটি এখন জাতীয় জাদুঘরে রাখা হলো, যা ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত করবে।’
বর্তমানে মোট ১১টি ব্যাগি গ্রিন টুপির অস্তিত্ব জানা গেছে। এর একটি ক্যানবেরার জাতীয় জাদুঘরে, আরেকটি রাখা হয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে। বাকিগুলো ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত রয়েছে।
- বিষয় :
- ডন ব্র্যাডম্যান
- ব্যাগের দাম
