ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৫:১৫

কুমিল্লায় মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ মিছিল করা হয়। এ সময় পুলিশ ৪৫ জনকে আটক করেছে। এ ছাড়া মিছিলের জন্য ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দের দাবি করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী বাস ও মাইক্রোবাসে এসে মহাসড়কে নেমেই মিছিল শুরু করেন। তারা ব্যানার, ফেস্টুন নিয়ে ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ৪৫ জনকে আটক করেছে। মিছিলের জন্য ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।

সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত শনিবার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ ও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত শুক্রবার দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের সামনে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা। ঘটনাস্থল থেকে সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভালুকায় গ্রেপ্তার ৯
ভালুকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ। এই মিছিলের ছবি ও ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেন নেতাকর্মীরা।

বোয়ালখালীতে গায়ে হলুদে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ 
বোয়ালখালীতে গায়ে হলুদে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে প্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক আব্দুল আজিজ ও সদস্য মো. রায়হান।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে দেখানো হয়েছে।

ধানমন্ডিতে মিছিলের চেষ্টা: নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সেতুর কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ইব্রাহিম খলিল, মাইনুল হাসান ও সোরহাব হোসেন। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, তাদের বাড়ি চাঁদপুর জেলায়। সেখান থেকে মিছিল করতে এসেছিলেন তারা। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি]
 

আরও পড়ুন

×