ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

শাপলা চত্বরে হত্যা

দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি

দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৬:১২

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। 

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ দিন ধার্য করেন। 

এদিন শুনানিতে দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে পৃথকভাবে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় তদন্ত সংস্থা। এ ছাড়া মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও দুই মাস সময় চাওয়া হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এদিন কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার মোট ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।
দশ মামলায় শাকিল-রুপার জামিন স্থগিত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাদের জামিন বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গতকাল রোববার এ আদেশ দেন। 

এর আগে গত ১১ মে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদেরকে জামিন দেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ মামলায় ও শাকিল আহমেদ ৫ মামলায় জামিন পান। 

এ ছাড়া তাদের দুজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত। 

আরও পড়ুন

×