মে মাসে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে ৫ হাজার ২০৯ ফৌজদারি মামলার নিষ্পত্তি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ০৫:১১
ঢাকা মহানগরে গত মে মাসে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ হাজার ২০৯টি ফৌজদারি ও ৩৩৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এসব মামলার বিচার কার্যক্রম পরিচালনা করেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানায়।
ডিএমপি জানায়, মে মাসে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের আওতার ৫ হাজার ২০৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় আটক আসামির সংখ্যা ৯ হাজার ৯২৩। এর মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫ হাজার ৯৫৩ জনকে। নিষ্পত্তি হওয়া মামলা থেকে ২২ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত বাবদ ৭৮ হাজার ২৮২ টাকা আদায় করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মে মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপির যৌথ উদ্যোগে ৩৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মে মাসে ১ হাজার ৩০০টি মামলা করা হয়। এসব মামলায় আসামি ১ হাজার ৩০০ জন। ৩৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।
ট্রাফিক মামলায় ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। আটক আসামিদের মধ্যে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
