ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ইসলামী ব্যাংক রক্ষায় সরকারের পদক্ষেপ চায় নাগরিক মঞ্চ

ইসলামী ব্যাংক রক্ষায় সরকারের পদক্ষেপ চায় নাগরিক মঞ্চ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ২১:৪৪ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ২২:৩৬

ইসলামী ব্যাংক রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন ‘নাগরিক মঞ্চ’। একই সঙ্গে ব্যাংকটির গ্রাহকদের ভোগান্তি নিরসন এবং শীর্ষ পর্যায়ে অনিয়ম দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে নাগরিক মঞ্চ আয়োজিত ‘ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কর্নেল (অব.) হাসিনুর রহমান প্রমুখ।

মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে। তাই আন্দোলনরত গ্রাহকের দাবি দ্রুত মেনে নিয়ে ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভায় জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে দুর্বল করার চেষ্টা করছে। দেশের অন্যতম বৃহৎ এই আর্থিক প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থা নষ্ট করার অপচেষ্টা বন্ধ করতে হবে। গ্রাহকের স্বার্থে সব ধরনের ষড়যন্ত্র থেকে ব্যাংকটিকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
 

আরও পড়ুন

×