ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ছয় দফা দাবি

ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
×

ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ছবি- শরিফুল ইসলাম তোতা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ২২:৫৯

ভাতা বাড়ানো, এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, দেশের ১১৮টি মেডিকেল কলেজের মধ্যে অন্তত ৩৬টিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এর আগে টানা দুই দিন মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ফয়সাল আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসনকে প্রথমে ৪৮ ঘণ্টা এবং পরে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নিতে হয়েছে।

আন্দোলনকারীদের ভাষ্য, ছয় দফা দাবির মধ্যে একটি বিষয়ে আশ্বাস মিললেও বাকি দাবিগুলো নিয়ে এখনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিংবিষয়ক কিছু সিদ্ধান্ত নেয়। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা দেওয়া এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন চলছে।

আন্দোলন কেন, দাবিগুলো কী

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দাবির মধ্যে রয়েছে– স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণবিষয়ক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়ন।

এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫ অধ্যাদেশের বদলে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং চিকিৎসক পরিচয় দেওয়া ভুয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়।

দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে মন্ত্রণালয় থেকে নীতিমালা জারির পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ নেওয়ার শর্ত বাতিল করা হয়েছে। এ ছাড়া এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা এখন থেকে বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন।

আরও পড়ুন

×