বিসিবি নির্বাচন
তামিমের বাক্সে ৭৩ ভোট, ফাহিম পেলেন ৬৬
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৮:০৭
উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। এখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে ভোট গণনা। সন্ধ্যা ৬টার পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
ভোট গণনা চলাকালেই প্রাথমিক কিছু ফলাফল জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পরিচালক পদে লড়া ওল্ড ডিওএইচএসের তামিম ইকবাল পেয়েছেন ৭৩টি ভোট। অন্যদিকে আবাহনীর ফাহিম সিনহা পেয়েছেন ৬৬টি ভোট। এ ছাড়া বরিশালের একটি আসনের লড়াইয়ে মোট ৭টি ভোটের মধ্যে ৫টি ভোট পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।
সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরে ভিড় বাড়ে। তামিম ইকবাল, রুবেল হোসেন, ইসরাফিল খসরু, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুদের মতো তারকা ও সংগঠকদের আজ বিসিবি কার্যালয়ে ভোট দিতে দেখা যায়। ব্যালটের পাশাপাশি এবার ৩৯ জন ভোটার অনলাইনে ই-ভোটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ দুপুর ১টা পর্যন্ত ই-ভোট জমা দেওয়ার শেষ সময় ছিল।
মূলত দুটি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১ ও ২) আজ মূল ভোটযুদ্ধ হচ্ছে। তবে এর আগেই ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া ক্যাটাগরি-২ থেকেও আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। ফলে ভোটের আগেই মোট ৮ জন পরিচালক নির্বাচিত হয়ে আছেন। বাকি ১৫টি পরিচালক পদের জন্য ক্লাব কোটা এবং খুলনা ও বরিশাল বিভাগে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর পরিচালক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এরপরই শুরু হবে আসল আকর্ষণ। নির্বাচিত পরিচালকদের ভোটাভুটিতে আজই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে বিসিবির নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
- বিষয় :
- বিসিবি নির্বাচন
