ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইংল্যান্ডের ‘ভাত’ পেটে সইল না, গালাতাসারায়ের পথে মার্টিনেজ 

ইংল্যান্ডের ‘ভাত’ পেটে সইল না, গালাতাসারায়ের পথে মার্টিনেজ 
×

অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২৬ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩০

অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর প্রাপ্তি কম নয় এমিলিয়ানো মার্টিনেজের। ২০২০ সালে আর্সেনালের বেঞ্চের গোলরক্ষকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে প্রমোশন দিয়েছিল অ্যাস্টন ভিলা। এরপর জাতীয় দলে নিয়মিত হয়েছেন, কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপ জিতেছেন দিবু মার্টিনেজ। 

অ্যাস্টন ভিলার ভক্তরাও খুব সম্মানের চোখে দেখতেন মার্টিনেজকে। স্প্যানিশ কোচ উনাই এমেরির প্রিয় ছাত্রও ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চলাকালে কোচের সঙ্গে ছোটখাটো মনোমালিন্যে ভিলা পার্কে লিগ মৌসুমের শেষ ম্যাচে ক্লাব ছাড়ার ঘোষণা দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি। 

ভেবেছিলেন- বড় কোন ক্লাবে যেতে পারবেন। বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক বলে কথা। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবে যাওয়ার ইচ্ছের কথাও সেসময় বলেছিলেন এমি। গুঞ্জন রটেছিল- বার্সেলোনা, পিএসজি, চেলসি তার দিকে নজর রাখছে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের গুঞ্জন আসে। 

শেষ পর্যন্ত ওই ম্যানইউ-এর দিকে তাকিয়ে ছিলেন দিবু। ইংল্যান্ডের ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে ম্যানইউ তার সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনাও করছিল। চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। যে কারণে মার্টিনেজকে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি দলে রাখেননি। 

কিন্তু শেষ মুহূর্তে ওই চুক্তির আলোচনা ভেস্তে গেছে। ম্যানইউ মার্টিনেজের সঙ্গে একরকম ‘প্রতারণা’ করে এন্তেরিপের ২৩ বছর বয়সী বেলজিয়াম গোলরক্ষক সেনে লেমন্সের সঙ্গে চুক্তি করেছে। এখন দিবু মার্টিনেজের জন্য খোলা আছে কেবল তুর্কিশ ক্লাবের দরজা। তাদের দলবদলের দরজা খোলা আরও ১২ দিন। 

সংবাদ মাধ্যম ডেইলি মিরর ও ফুটবল ইনসাইডার দাবি করেছে, তুরস্কের লিগ চ্যাম্পিয়ন ও চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া গালাতাসারায়ে মার্টিনেজের জন্য অ্যাস্টন ভিলাকে ২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। অ্যাস্টন ভিলা ওই প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু মার্টিনেজের দিক থেকে খুব একটা সাড়া নেই। তার সামনে অবশ্য খুব একটা পথও খোলা নেই। গালাতাসারায়ে না গেলে তাকে বিশ্বকাপের বছর অ্যাস্টন ভিলার বেঞ্চে কাটাতে হতে পারে। 

আরও পড়ুন

×