ম্যানইউ থেকে ফােন আর এলো না...
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:০৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২:১৬
বড় আশা নিয়ে ‘ডেডলাইন ডে’তে একটি ফোনকলের অপেক্ষায় ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও সেই কল আর আসেনি। তাই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ গোলরক্ষকের ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া হয়নি। ভগ্ন হৃদয়ে অ্যাস্টন ভিলাতেই থেকে যেতে হচ্ছে দিবুকে। অথচ গত মৌসুমের শেষ দিনে এই ক্লাবের সমর্থকদের কাছ থেকে আবেগঘন বিদায়ও নিয়ে ফেলেছিলেন।
তবে ‘ডেডলাইন ডে’র আগের দিন শোনা গিয়েছিল ম্যানইউর সঙ্গে সবকিছু পাকাপাকি হয়ে গেছে মার্টিনেজের। ‘ডেইলি মেইল’ তো মার্টিনেজের ট্রান্সফার ফিও (৪০ মিলিয়ন পাউন্ড) জানিয়ে দিয়েছিল। শেষ দিনে শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কিন্তু সারা দিন অপেক্ষায় থেকেও ম্যানইউ থেকে ডাক পেলেন না মার্টিনেজ।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ডেডলাইন যখন ঘনিয়ে আসছিল, তখন ধৈর্যের বাঁধ ভেঙে ম্যানইউতে থাকা জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো মার্টিনেজকে কল করেছিলেন দিবু। জানতে চেয়েছিলেন, কেন ফোন আসছে না। ম্যানইউ কর্তাদের কাছে তাঁর জন্য সুপারিশ করতেও লিয়ান্দ্রোকে অনুরোধ করেছিলেন ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক। লিয়ান্দ্রোই ম্যানইউ কোচ রুবেন আমোরিমের কাছে গত জুন ও জুলাইয়ে বেশ কয়েকবার মার্টিনেজকে দলে নেওয়ার ব্যাপারে বলেছিলেন।
একটি কল অবশ্য ম্যানইউ থেকে করা হয়েছিল। অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষের কাছে কল করে তারকা এ গোলরক্ষককে ধারে নিতে চেয়েছিল তারা। এ প্রস্তাব যে ভিলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা ম্যানইউও জানত। হয়েছেও তাই। আগের দিন ট্রান্সফার ফিসহ সব কিছু চূড়ান্ত করার পর ধারের জন্য বলাটা আসলে একটা দায়সারা আচরণ। সমস্যাটা তৈরি করে মার্টিনেজের মোটা বেতন ও ট্রান্সফার ফি। অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি আছে মার্টিনেজের। আর ভিলায় তিনি যে বেতন পান, সেটা ওল্ড ট্র্যাফোর্ডে থাকা আন্দ্রে ওনানার চেয়ে বেশি। সে সঙ্গে আরও একটি বিষয় ছিল। ম্যানইউ উইঙ্গার জাদোন সানচোকে ধারে নিতে চাইছে ভিলা। তারা এ দুটি ডিলকে মেলাতে চাইছে। এসব কিছু মিলিয়ে শেষ দিনে এসে ম্যানইউ কর্তৃপক্ষ তরুণ বেলজিয়ান গোলরক্ষক সেনে ল্যামেন্সকে দলে টানার ব্যাপারে মনস্থির করে ফেলে।
এ খবর পেয়ে সোজা আর্জেন্টিনার বিমানে চেপে বসেন মার্টিনেজ। ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই রয়েছে। এতে দলবদলের তিক্ত অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও দূরে থাকা যাবে। তুরস্কের ক্লাব গালাতাসারে ২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে বলে দুই দিন আগে জানিয়েছিল ডেইলি মেইল। তবে মার্টিনেজ সেই প্রস্তাবে সম্মতি দেননি। তবে তুরস্কের দলবদলের সময় শেষ হতে আরও এক সপ্তাহ বাকি। এ সময়ের মধ্যে কিছু হলেও হতে পারে।
