মুশফিকদের অভিনন্দন সাকিবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ২৩:৩৭
মাঠে উপস্থিত থাকতে না পারলেও খেলা থেকে দূরে নেই সাকিব আল হাসান। ভারতের সঙ্গে বাংলাদেশের রোববারের টি-২০ ম্যাচে সার্বক্ষণিকভাবে চোখ রেখেছিলেন। আর তাই দল জেতায় অভিনন্দন জানাতেও ভুলেননি।
রোববার রাতে মুশফিকদের দিল্লি জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে সতীর্থদের অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দেন সাকিব।
পোস্টে সাকিব লেখেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স। অভিনন্দন বাংলাদেশ। তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
রোববার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ দল। দলের সবার অবদান ছিল দেখার মতো।
এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্টদের না জানানোয় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না তিনি।
- বিষয় :
- সাকিব