ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১২ ফুটবলারকে বাজারে তুলেছে বার্সা

১২ ফুটবলারকে বাজারে তুলেছে বার্সা
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৩:৪০

স্প্যানিশ লা লিগ শেষ হয়েছে। কিন্তু ২০১৯-২০ মৌসুম এখনও শেষ হয়নি। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবের চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ এখনও বাকি। কিন্তু বার্সেলোনাকে মাথা ঘামাতে হচ্ছে তাদের গ্রীষ্মকালীন দলবদল নিয়ে। সেই লক্ষ্যে এরই মধ্যে ১২ ফুটবলারকে বিক্রির জন্য বাজারে তুলেছে তারা।

বার্সেলোনা আগামী মৌসুমে ইন্টার মিলান থেকে লউতারো মার্টিনেজকে দলে আনতে চায়। নেইমারও আলোচনায় আছেন। কিন্তু বার্সার আর্থিক কাঠামো বিবেচনায় লউতারো মার্টিনেজ তাদের প্রধান লক্ষ্য। সেজন্য ধারে কিংবা অদল-বদলের চুক্তিতে নয় বার্সা নগদ অর্থে ফুটবলার বিক্রি করতে চায়। অবশ্য পছন্দের ফুটবলারের জন্য ওই ক্লাবের সঙ্গে ফুটবলার বদলাতে অসুবিধা নেই কাতালান ক্লাবটির।

বার্সেলোনা ফিলিপে কুতিনহো, স্যামুয়েল উমতিতি, ইভান রাকিটিচদের বিক্রির কথা আগেই জানিয়েছে। তাদের সঙ্গে তালিকায় আছেন উসমান ডেম্বেলে-আর্তুরো ভিদালও। এছাড়া গোলরক্ষক নেতো, ডিফেন্ডার নেলসন সেমেদো-জুনিয়র ফিরপোসহ মার্টিন ব্রাথওয়েট, র্কালেস অ্যারেনা, রাফিনহা আলকানতারা, জিয়ান টডিবো আছেন তাদের বিক্রির তালিকায়।

তবে বাস্তবতাও জানে বার্সেলোনা। এক দলবদলের মৌসুমে ১২ জন ফুটবলারকে বিক্রি করা সম্ভব নয়। সেজন্য কিছু ফুটবলারকে পছন্দসই ক্লাব দেখে নিতে বলেছে তারা। কিছু তরুণ ফুটবলারকে ধারে ছেড়ে দেওয়ার কথা ভাবছে বার্সা। কারণ করোনার কারণে তাদের বসিয়ে রেখে বেতন দিতে চায় না বার্সা। তবে ডেম্বেলে-কুতিনহোদের মতো মোটা অর্থ বেতন পাওয়া ফুটবলারদের বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে তারা।

আরও পড়ুন

×