ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

'কেবল চামড়ার রংয়ে বর্ণবাদ হয় না'

'কেবল চামড়ার রংয়ে বর্ণবাদ হয় না'
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২০ | ০১:৫১

বিশ্বজুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের নাম 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। যার ঢেউ ক্রিকেটে লাগার পর বর্ণবাদ নিয়ে সরব হয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের অশ্বেতাঙ্গ ক্রিকেটাররা। তবে বর্ণবাদ কেবল গায়ের কালো রংয়ের সঙ্গেই সম্পর্কিত নয়, আরও অনেক কিছুতে বর্ণবাদ আছে বলে মনে করেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এক্ষেত্রে উগ্র জাতীয়বাদকে দায়ী করেছেন।

মাসের শুরুর দিকে মাইকেল হোল্ডিংয়ের বর্ণবাদ নিয়ে আবেগময় বার্তার জের ধরে যে আলোচনা চলছে ক্রিকেটবিশ্বে, সেটির পরিপ্রেক্ষিতে সাঙ্গাকারা দৃষ্টিভঙ্গি বদলানোর ওপর গুরুত্ব দেন, 'আমরা যদি একবার বুঝতে পারি যে, সত্যিকারের ইতিহাস কী, তাহলেই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।

আমাদের শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে অন্ধ দেশপ্রেম আমাদের ভিন্ন সংস্কৃতি, ভিন্ন দেশ, ভিন্ন মানুষ, ভিন্ন বর্ণ, ভিন্ন ধর্মকে সহজভাবে নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে। এ কারণে শিক্ষাটা দরকার। নিজের মন খুলে, চোখ খুলে দেখুন। এটা না করলে পরিবর্তন আসবে না। আর কোনো বদলই রাতারাতি হয়ে যায় না।'

বর্ণবাদ বলতে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষ্যম্যকে বোঝালেও এর আরও অনেক ধরন আছে বলে মন্তব্য করেন এমসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সাঙ্গাকারা, 'কেবল চামড়ার রংয়ে বর্ণবাদ হয় না। সমাজে আরও অনেক ধরনের বর্ণবাদ আর বৈষম্য আছে। কিছু ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আর কিছু নির্দিষ্ট ঘটনা বা পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। বর্ণবাদ শুধু গায়ের রংয়ে সীমাবদ্ধ না।' গত মাসে সাবেক ভারতীয় পেসার ইরফান খান বলেছিলেন একই ধরনের কথা, 'কেবল ভিন্ন ধর্ম বিশ্বাসের কারণে বাড়ি বিক্রি না করাও বর্ণবাদ।'

আরও পড়ুন

×