চেষ্টা সব সময়ই থাকে, বললেন হৃদয়
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:১৯
বেশ কয়েক ম্যাচ ধরেই রান খরায় ভুগছিলেন তাওহিদ হৃদয়। মাঠের বাইরের ঘটনাতেও সমালোচিত ছিলেন। গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে কম জল ঘোলা হয়নি। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি হয় হৃদয়ের। অনেকেই তার নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরেছেন আস্থার জায়গায়। তার ব্যাটে ছিল চারটি চার আর দুটি ছক্কা।
ইনিংসের শুরুতে ধৈর্যের সঙ্গে খেললেও পরের দিকে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন হৃদয়। এই ইনিংসের পর হৃদয় নিজের অনুভূতি জানালেন ফেসবুকে, ‘চেষ্টা সব সময়ই থাকে, তবে ভাগ্য আর রিজিক সব সময় এক রকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ দিয়ে মাঠে লড়াই করব, ইনশা-আল্লাহ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই সব ভালো-মন্দের জন্য।’
সতীর্থ সাইফ হাসানও প্রশংসায় ভাসালেন তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘হৃদয় অবশ্যই বিশ্বমানের খেলোয়াড়। আমরা সবাই ওকে সমর্থন দিচ্ছি। আজকে সেই সমর্থনের প্রতিদান দিয়েছে। ইনশা-আল্লাহ, ভবিষ্যতেও বাংলাদেশের জন্য অনেক বড় কিছু এনে দেবে।’
নিজেও ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা সাইফ। তার সঙ্গে হৃদয়ের পারফরম্যান্সে ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে একধাপ এগিয়ে গেল টাইগাররা।
- বিষয় :
- তাওহিদ হৃদয়
- বাংলাদেশ-শ্রীলংকা
- এশিয়া কাপ
