ভারতকে ভুল করতে বাধ্য করে জিততে চায় বাংলাদেশ
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪৯
তথ্য আর সংখ্যায় সব দ্বৈরথের গল্প লেখা থাকে না। যেমন নেই ভারত ও বাংলাদেশ ম্যাচের পরিসংখ্যানে। ভারতের বিপক্ষে ১৭ টি-২০ খেলে মাত্র এক জয় বাংলাদেশ। সূর্যকুমারের দ্বৈরথের সংজ্ঞায় সুর মেলালে, ভারত-বাংলাদেশ ম্যাচও একতরফা হওয়ার কথা। তবে জয়-পরাজয় ছাপিয়ে দুই দলের সাম্প্রতিক সব লড়াইয়ে ছিল দারুণ হাইপ।
বাংলাদেশের কোচ ফিল সিমন্সের মতে, ভারতের বিপক্ষে প্রতি ম্যাচেই এমন হাইপ থাকে। আর টি-২০ তো সাড়ে তিন ঘণ্টার খেলা। নির্দিষ্ট দিনে ভালো খেলা দল জয় পাবে। ব্যাটে-বলে ‘ধারালো অস্ত্রে সুসজ্জিত’ ভারতের বিপক্ষে জয়ের টোটকা দিয়ে সিমন্স বলেছেন, ‘ভারতকে ভুল করতে বাধ্য করে আমরা জিততে চাই।’
সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে তা মূখ্য নয়। কাল (বুধবার) কী হতে যাচ্ছে সেটাই আসল। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই, ভারতকে ভুলের ফাঁদে ফেলতে চাই, এভাবেই জিততে চাই ম্যাচ। ভারত টি-২০’র এক নম্বর দল। তাদের বিপক্ষে প্রতিটি ম্যাচেই হাইপ থাকে।’
ভারতের বিপক্ষে জিততে ব্রেক থ্রু পেলে তা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেছেন সিমন্স। তার মতে, সুযোগ আসলে তা নিতে হবে। জয় পাওয়ার বিশ্বাস আছে তাদেরও, ‘আমরা বসেছিলাম, নিজেদের মধ্যে আলোচনা করেছি। বিশ্বাস আছে, আমরা জিততে পারবো। এখনো কোন দল (সুপার ফোরের জন্য) ফেবারিট নয়। সব দলের সমান সুযোগ আছে। আমাদের মনোযোগ এখন শুধু ভারত ম্যাচে।’
বাংলাদেশ দলকে সুপার ফোরে পরপর দুই ম্যাচ খেলতে হবে। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে লড়াই। বর্তমান সময়ে পরপর দুই ম্যাচ খেলা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন সিমন্স। সেজন্য প্রস্তুত বলেও জানিয়েছেন কোচ, ‘টি-২০ কিংবা ওয়ানডে; পরপর ম্যাচ খেলা কঠিন। এটা আমাদের জন্য ভালো কোন বিষয় নয়। তবে ছেলেরা পরিশ্রম করেছে এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।’
- বিষয় :
- এশিয়া কাপ
- ফিল সিমন্স
- বাংলাদেশ-ভারত
