'মানুষ জয় ভুলে যায়, মনে রাখে হার'
ছবি: এএফপি
সুমন মেহেদী
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:০৫ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০১:৩৮
আড়াই বছরের বেশি সময় কেটে গেছে। দিনের হিসেবে ১৩২০ দিন পরে ব্যাঙ্গালুরু ধাঁধাঁ দিল্লিতে এসে মেটাল বাংলাদেশ। নাম ধরে বললে সেই ভুত সমাহিত করলেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়লেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রথমবার প্রতিবেশি ভারতে পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের। সেই অর্থে ভারতে এটি টাইগারদের ঐতিহাসিক সিরিজ। ওদিকে টি-২০ ক্রিকেটের হাজারতম ম্যাচ। সেই ম্যাচে সিলমোহর মারা থাকল 'জয় বাংলাদেশের'।
২০১৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১ রানে হারে বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচ। ক্রিজে থাকা মুশফিকের উদযাপনও করা শেষ। কিন্তু শেষ তিন বলে তিন উইকেট হারিয়ে 'চোক' করে বাংলাদেশ। ওই হারের পর শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন মুশফিক। তারপরও অবশ্য ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে জয়ের প্রান্তে গিয়ে ফাইনালে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে হওয়া সর্বশেষ এশিয়া কাপেও জয়ের কাছে গিয়ে হারে টাইগাররা। এই জয় তাই সেই হারের সান্ত্বনা।
মুশফিক কি সান্ত্বনা পাচ্ছেন। ওই হারের কথা কি এবার ভুলতে পারবেন? ভক্ত-দর্শকরাই ওই ম্যাচের কথা ভুলতে পারেন না। মুশফিকের জন্য তাই ব্যাঙ্গালুরুর স্মৃতি ভুলে যাওয়া আরও কঠিন। রোববারের ম্যাচ শেষে মুশফিক বলেন, 'ভারতের সঙ্গে আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ খেলেছি। নিজেদের কাছেই তাই প্রতিশ্রুতি ছিল, ওমন পরিস্থিতি এলে আমরা আর হারবো না। আমরা ভারতের কাছে ওই দুই ম্যাচে হেরে অনেক কিছু শিখেছি। কিভাবে ওই ধাঁধাঁ মেটানো যায়, তা নিয়ে দলের মধ্যে আমরা আলাপ করেছি।'
মুশফিক কিংবা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দিল্লির জয়ে ব্যাঙ্গালুরুর হারের কথা ভুলবেন কি-না বলা কঠিন। আগের দুই-তিনটা হার থেকে মুশফিক-মাহমুদুল্লাহরা কতটা শিখেছেন তা নিয়েও থাকতে পারে বিতর্ক। তবে ভারতীয় ক্রিকেট ভক্তরা বাংলাদেশের কাছে হারে যে বিরক্ত-রাগান্বিত তা নিয়ে সম্ভবত নেই কোনো তর্ক। উইকেটের পেছনে ঋষভ পান্তকে নিয়ে উঠেছে প্রশ্ন। ক্রুনাল পান্ডিয়ার ক্যাচ মিস নিয়েও। ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি তাই টুইট করেছেন, 'অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না।' আর ইয়ান বিশপ টুইট করেছেন টাইগারদের পক্ষে, 'এই জয় কিছুটা হলেও ব্যাঙ্গালুরুর জুজুর কথা ভুলতে সহায়তা করবে।'
শুধু কি ব্যাঙ্গালুরু জুজু। দেশের ক্রিকেট আকাশে জমে থাকা মেঘও কি নয়! ভারত সফরে আসার আগে বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন সংকটে তিক্ত স্বাদই পেয়েছেন। বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে সংকট, সাকিবের নিষেধাজ্ঞা সব মিলিয়ে খারাপ সময়ের আবর্তে ছিল বাংলাদেশ দল। এই জয় তাই ক্রিকেট অঙ্গনে স্বস্তির। বাংলাদেশের কাছে এই জয় অনেক বেশি মধুর। সাকিব-তামিমকে ছাড়া খেলতে পারার সাহস। মুশফিক তাই বাংলাদেশ দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে দেন কিছু কৃতিত্ব, 'আমাদের দলকে উনি যেভাবে এক সুতোয় বেঁধেছেন তা প্রশংসার যোগ্য।'
ব্যাঙ্গালুরুর সেই হারের দুঃস্বপ্ন মুশফিক ভুলেছেন কি-না তার উত্তর তো এখনও দেওয়া হলো না। দিল্লিতে ৪৩ বলে ৬০ রানের হার না মানা ইনিংস খেলা মুশফিক ব্যাঙ্গালুরুর হার নিয়ে বলেন, 'বড় একটা ব্যাপার হলো, মানুষ এমন কঠিন পরিস্থিতি থেকে জয়ের পরও সেই ম্যাচের কথা মনে রাখে না। আমরা যদি হারতাম মানুষ ম্যাচটা অনেক দিন মনে রাখতো। ব্যাঙ্গালুরুতে আমরা দুই ওভার আগেই জয়ের পথে চলে এসেছিলাম। এবার উইকেট বিবেচনায় শেষ দুই ওভারে রান তোলা, বাউন্ডারি মারা বেশ কঠিন ছিল।'