ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হংকং মিশনে নেই কিউবা মিচেল!

হংকং মিশনে নেই কিউবা মিচেল!
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৪২

অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জন্য আগামীকাল থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই দুই ম্যাচের জন্য ২৮ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের সংশ্লিষ্ট ক্লাবকে খেলোয়াড় ছাড়ার জন্য চিঠি দিয়েছে। ২৮ জনের স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। তবে ব্রিটেন প্রবাসী কিউবা মিচেল দলে সুযোগ পাননি। ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে হোম ম্যাচটি।

স্কোয়াডের ২৮ জনের মধ্যে ১১ জনই বসুন্ধরা কিংসের। আবাহনী ও মোহামেডান থেকে আছেন পাঁচজন করে। ব্রাদার্স, ফর্টিস, পিডব্লিউডি থেকে একজন করে এবং ঘরোয়া লিগের বাইরে খেলা চারজন রয়েছেন স্কোয়াডে। সেপ্টেম্বরের উইন্ডোতে হামজা চৌধুরী ও শমিত সোম আসতে পারেননি। তারা এশিয়ান কাপ বাছাই খেলবেন। ইতালি প্রবাসী ফাহমিদুল হকও আসছেন। আর চতুর্থ জন হচ্ছেন জায়ান আহমেদ। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামে দুর্দান্ত পারফরম্যান্স দেখেই এ ডিফেন্ডারকে মনে ধরেছে বাংলাদেশ কোচের। 

অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে কিউবা মিচেলও খেলেছিলেন। কিন্তু ক্যাবরেরার স্কোয়াডে নেই তিনি। সান্ডারল্যান্ডের সাবেক এ মিডফিল্ডার এখন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। কিংসের কাছে পাঠানো খেলোয়াড়ের তালিকায় মিচেলের নাম নেই। ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও কিংসের স্কোয়াডে ছিলেন না তিনি।

গত সেপ্টেম্বরে আন্দোলন-বিক্ষুব্ধ নেপাল থেকে বিশেষ বিমানে ঢাকা ফিরেই স্পেন চলে গিয়েছিলেন ক্যাবরেরা। দুই সপ্তাহ ছুটি কাটিয়ে গত শুক্রবার ফিরেছেন। ঢাকায় নেমেই বাফুফেতে স্কোয়াড জমা দিয়েছেন। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ১৪ অক্টোবর। সেই ম্যাচের জন্য সতর্কতা হিসেবে ২৮ জনের বাইরেও কয়েকজনের ভিসা করিয়ে রাখছে বাফুফে। হামজা-শমিতরা আসবেন ৬ বা ৭ অক্টোবর। তাদের ইংল্যান্ড ও কানাডার পাসপোর্ট থাকায় হংকংয়ের আলাদা ভিসার প্রয়োজন নেই বলে নিশ্চিত হয়েছে বাফুফে।

আরও পড়ুন

×