ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা

আলজেরিয়ার জাতীয় দলে জিদানের ছেলে লুকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫ | ১৯:৩০

প্রথমবার জাতীয় দলের জন্য ডাক পেলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা। তবে ফ্রান্সের হয়ে নয়, খেলবেন আলজেরিয়ার জার্সিতে। আসন্ন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক লুকাকে অন্তর্ভুক্ত করেছে আলজেরিয়া।

ফ্রান্সের হয়ে খেললেও জিদান মূলত আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। ফ্রান্সের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন ২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা। তবে সিনিয়র দলে কখনো সুযোগ হয়নি। ২০১৮ সালে খেলেছেন ফ্রান্সের অনূর্ধ্ব-২- দলের হয়ে। তার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। তাই ফ্রান্সে সুযোগ না পেয়ে আলজেরিয়াকে বেছে নিয়েছেন লুকা। সম্প্রতি ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের জন্য আবেদন করেন এবং সেই আবেদন গৃহীত হওয়ায় তার জাতীয় দলে খেলার পথ খুলে যায়।

রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা লুকা ২০১৭ সালে জিনেদিন জিদানের অধীনেই ক্লাবের সিনিয়র দলের হয়ে মাঠে নামেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রেনাডার হয়ে খেলছেন।

আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে আলজেরিয়া সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে দলটির মাত্র চার পয়েন্ট প্রয়োজন। সেক্ষেত্রে লুকার সুযোগ থাকছে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণেরও।

আরও পড়ুন

×