সনের ফাউলে গোমেজের ক্যারিয়ার শঙ্কায়
ছবি: ৯০এক্সট্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৮:০৭
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ১-১ গোলে আটকে দিয়েছে এভারটন। এমনই শিরোনাম হওয়ার কথা ছিল ম্যাচের। কিন্তু সব ছাড়িয়ে বড় হয়ে উঠেছে আন্দ্রে গোমেজের ইনজুরি। ম্যাচের ৭৮ মিনিটে এভারটনের পর্তুগিজ তারকা আন্দ্রে গোমেজকে পেছন থেকে ট্যাকল করেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হিয়ং-মিন। একই সঙ্গে স্পার্স রাইট ব্যাক সার্জ অরিয়েরও গোমেজকে ট্যাকল করেন। তাদের ট্যাকলের মুখে পড়ে রোববার রাতের ম্যাচে গোমেজের ডান গোড়ালি স্থানচ্যুত হয়ে যায়। মাঠে পড়ে থাকা গোমেজের হয়তো ততক্ষণে বুঝতে বাকি নেই তার ক্যারিয়ার শঙ্কায় পড়ে গেছে।
সনও হয়তো বুঝে ফেলেছেন কী ক্ষতিই না তিনি করে ফেলেছেন গোমেজের। মাঠের মধ্যেই তাই হাউমাউ করে কান্না শুরু করেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড। ফাউলের জন্য প্রথমে সনকে হলুদ কার্ড দেখান রেফারি। পরেই দেখান লাল কার্ড। কিন্তু তাতেও যেন সনের কোন ভ্রুক্ষেপ নেই। তিনি গোমেজকে দেখে কেঁদেই চলেছেন।
আন্দ্রে গোমেজ একই সঙ্গে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন। বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন রোনালদোর সঙ্গে। বার্সেলোনা থেকে গত মৌসুমে ধারে এভারটনে এসেছেন তিনি। পরে স্থায়ী চুক্তিও করেছেন এভারটনের সঙ্গে। কিন্তু যে ভয়ংকর ইনজুরিতে তিনি পড়েছেন তাতে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে আছে সংশয়। সুস্থ হলেও মাঠে ফিরতে পারবেন কি-না সেই প্রশ্নও আছে।
গোমেজের ইনজুরি নিয়ে এভারটনের সাবেক ফুটবলার প্যাট নেভিন বলেন, 'খেলোয়াড়রা ভেঙে পড়েছিল। সবাই হতচকিত হয়ে পড়েন। পাগলের মতো কাঁদতে থাকেন সন। অরিয়ের তো প্রার্থনা শুরু করেন।' ম্যাচ শেষে আবেগাপ্লুত টটেনহ্যামের ফুটবলার ডেলে আলি বলেন, 'গোমেজের পা দেখে আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি। সন হতাশ হয়ে কাঁদতে থাকেন। এটা তার ভুল নয়। আমার দেখা মতে সন সবচেয়ে ভালো একজন মানুষ। সে বিশ্বাসই করতে পারছিল না।'
পায়ে আঘাতের পরই পর্তুগিজ ফুটবলারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। রোববারই তার সার্জারি হওয়ার কথ।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- গোমেজ ইনজুরি
- ইয়ং সন