শমিত-জায়ান-ফাহমিদুলের সঙ্গে নিজেকেও প্রথম একাদশে চান জামাল
ছবি- বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ১৮:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ | ১৮:১১
এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হারের হতাশা নিয়ে দেশ ছাড়ার আগে দলের শুরুর একাদশ গঠন নিয়ে মুখ খুললেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, শমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো তাকেও শুরু থেকে না খেলানোটা কোচের ভুল সিদ্ধান্ত ছিল।
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বদলি হিসেবে মাঠে নামেন জামাল। তার অন্তর্ভুক্তিতে ম্যাচে ফেরে বাংলাদেশ এবং ৩-৩ সমতা আনে। তবে শেষ মুহূর্তে আবারও গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরে যায় দল।
এই হারের পর আজ (শুক্রবার) হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামাল সাংবাদিকদের বলেন, ‘আমি যখন না খেলি, সেটা তো ভুল, এটা আমি বলবই। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিন শেষে এটা কোচের সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘আমি, শমিত, ফাহমিদুল, জায়ান যখন ওয়ার্মআপ শুরু করি, তখন নিজেদের মধ্যে কথা হয় যে, আমরা মাঠে নামলে ম্যাচের গতিপথ বদলে দেব। আমাদের চারজনের প্রভাবও ভালো ছিল। আমরা চারজনই শুরুর একাদশে খেলতে চাই।’
ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করার পুরোনো অভ্যাস নিয়ে হতাশা প্রকাশ করে অধিনায়ক বলেন, ‘আমাদের একটা ইতিহাসই আছে শেষ মুহূর্তে গোল খাওয়ার। এবারও আমরা পুরো ম্যাচ মনোযোগ ধরে রাখতে পারিনি।’
এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সমীকরণ এখন বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন। জামাল মনে করিয়ে দেন, ‘আমাদের হাতে থাকা বাকি তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়।’ উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
- বিষয় :
- বাংলাদেশ
- হংকং
- জামাল ভূঁইয়া
