ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা

বিশ্বকাপের টিকিট কেটেছে ঘানা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১২:৪২

মোহাম্মদ কুদুসের একমাত্র গোলে কোমোরোসকে হারিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা। রোববার রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের এই জয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ‘ব্ল্যাক স্টার্স’ খ্যাত দলটি।

বাছাইপর্বের ‘আই’ গ্রুপে শীর্ষে থেকেই এদিনের ম্যাচে মাঠে নামে ঘানা। জয় তুলে নিয়ে তারা ১০ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করে। তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় গ্রুপের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার মালির কাছে ৪-১ গোলে হেরে গেলে। এই হারের ফলে ঘানাকে টপকে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে যায় মাদাগাস্কারের।

এর আগে উত্তর আফ্রিকার চার দেশ আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল। ঘানা পশ্চিম আফ্রিকার প্রথম দল হিসেবে এই তালিকায় নাম লেখাল।

এ নিয়ে নিজেদের ইতিহাসে পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিলো ঘানা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে আফ্রিকান দলটি। এরপর অংশ নেয় ২০১০,২০১৪ ও সবশেষ ২০২২ বিশ্বকাপে। ২০১০ আফ্রিকা বিশ্বকাপের শেষ আটে খেলে তারা। যেটা এখন পর্যন্ত বিশ্বমঞ্চে ঘানার সেরা সাফল্য।

আরও পড়ুন

×