কোচ ক্যাবরেরার আজ টিকে থাকার পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১০:৫৩
বাংলাদেশের কোচ হিসেবে তাঁর যাত্রাটা ২০২২ সালের জানুয়ারিতে। কয়েক ধাপে মেয়াদ বাড়ানো হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর আগেই বাংলাদেশের ফুটবলে স্প্যানিশ এ কোচের অধ্যায়ের সমাপ্তি হতে পারে। আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে হারলে ক্যাবরেরাকে নিয়ে দ্বিতীয়বার হয়তো ভাববেন না বাফুফে কর্তারা। তাই বলা যায়, আজকের ম্যাচটি ক্যাবরেরার বড় পরীক্ষা।
একাদশ নির্বাচন, ম্যাচের কৌশলসহ নানা বিষয়ে ক্যাবরেরার সমালোচনা হচ্ছে অনেক দিন ধরে। তাঁর অধীনে এবারের এশিয়ান কাপ বাছাইয়ে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আর ৯ অক্টোবর হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্যাবরেরা। তাঁর অধীনে এ পর্যন্ত ৩৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে। হেরেছে ১৭টি এবং ড্র আটটিতে। এর মধ্যে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২৬ বার। হজম করেছে ৫১ গোল।
চাপে থাকা ক্যাবরেরা অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ। তাঁর ভাবনাজুড়ে হংকংয়ের বিপক্ষের ম্যাচ। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘ঢাকায় আমরা খুব ভালো খেলেছি। সামগ্রিকভাবে দারুণ একটি ম্যাচ ছিল। আগামীকালও ঠিক একই রকম ম্যাচের প্রত্যাশা করছি। একই মানসিকতা, একই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব। এটাও জানি সামনে এগিয়ে যেতে হলে আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে।’
ঢাকায় ম্যাচের দ্বিতীয়ার্ধে জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, শমিত সোম ও ফাহমিদুল মাঠে নামার পর বাংলাদেশের খেলায় ধার বাড়ে। অসাধারণ কামব্যাকও করে। সেই ম্যাচের পর অনেকেই বলেছেন জামাল, জায়ান, শমিত ও ফাহিমদুলকে আগে নামানো উচিত ছিল ক্যাবরেরার।
হংকং যাওয়ার দিন জামাল সংবাদ মাধ্যমে বলেছেন, তিনি বেস্ট ইলেভেনে খেলতে চান। সোমবারও একাদশ নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে ক্যাবরেরাকে। তাঁর যুক্তি ছিল এমন, ‘আমার কাছে বিকল্প খেলোয়াড়ের গুরুত্ব অনেক। আমরা সবসময় চাই তারা মাঠে নেমে খেলার গতিপথ বদলাতে সাহায্য করুক এবং সেদিন তারা সেটা খুব ভালোভাবে করেছে। আমি মনে করি, ম্যাচের প্রথমার্ধে মূল একাদশ দারুণ খেলেছে। এরপর হংকং ম্যাচে ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়েছিল, যতক্ষণ না আমরা বিকল্প খেলোয়াড়দের মাঠে নামাই। তাই আমি বলব, মূল একাদশ এবং ৫৬-৫৭ মিনিটে নামা বিকল্প খেলোয়াড়রা সবাই খুব ভালো কাজ করেছে। তাই আগামীকালও (আজ) একই রকম কিছু হবে– যেই খেলুক, যেই বিকল্প আসুক, তাদের ভূমিকা একই থাকবে।’
- বিষয় :
- হ্যাভিয়ের ক্যাবরেরা
- বাংলাদেশ ফুটবল
