ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রশিদের গুগলি সামলানোর চ্যালেঞ্জ

রশিদের গুগলি সামলানোর চ্যালেঞ্জ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৪৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ | ১১:৫৮

গায়ে গায়ে এশিয়া কাপ আর আফগান সিরিজ মিলিয়ে প্রায় দেড় মাসের আমিরাত সফর। একঘেয়েমি আর ক্লান্তিকর এই যাত্রা আজ শেষ হচ্ছে তাওহীদ হৃদয়দের জন্য। আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের শেষ ওডিআইতে আফগানদের মুখোমুখি হবে তারা। যদিও এরই মধ্যে সিরিজ হাতছাড়া, লক্ষ্য এখন শুধুই সান্ত্বনার জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়ানো। এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে আগের দুটি দ্বিপক্ষীয় সিরিজ হারলেও হোয়াইটওয়াশ হতে হয়নি। আজ সেই ধারা ধরে রাখতেই মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজরা। 

টিম ম্যানেজমেন্ট সূত্রের ইঙ্গিত প্রবল সমালোচনার পর ওপেনার তানজিদ তামিম আর মিডল অর্ডারে জাকের আলীকে বিশ্রাম দেওয়া হতে পারে। তানজিদের জায়গায় প্রধান নির্বাচক গাজী আশরাফের পাঠানো মোহাম্মদ নাঈম শেখকে দেখা যেতে পারে। অন্যদিকে জাকেরের বদলে একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। তবে প্রত্যেকের সামনেই চ্যালেঞ্জ সেই রশিদ খানের গুগলি! দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন রশিদ খানের নামের ওপর নয় তাঁর বলের গুণাগুণ বিচার করে খেলতে হবে ব্যাটারদের। দুই ম্যাচে রশিদ খানের কাছেই আট উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচ ঘিরে র‍্যাঙ্কিংয়ের কোনো নড়চড়ের হিসাব না থাকলেও রেটিং পয়েন্টের সূক্ষ্ম সমীকরণ থাকছে। আজকের ম্যাচটি জিতলে বাংলাদেশ ১০ নম্বর র‍্যাঙ্কিংয়েই থাকবে, সেই সঙ্গে রেটিং পয়েন্ট পঁচাত্তরেই থাকবে। কিন্তু হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে ৭৪ হয়ে যাবে। যেখানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৮০। 

এই মাসের ১৮ তারিখ থেকে মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবেন মিরাজরা। সেখানেও রেটিং পয়েন্টের যোগ-বিয়োগ থাকবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরের মধ্যে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে অন্তত ২৪টি ওয়ানডে রয়েছে মিরাজদের।

আফগানদের বিপক্ষে এই সিরিজের প্রথম দুটি ম্যাচে এটা পরিষ্কার হয়ে গেছে যে আবুধাবির স্লো পিচে বাউন্ডারি হাঁকানো সহজ নয়। সেখানে বাংলাদেশি টপঅর্ডারে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু সাইফ হাসান নিজের ছন্দ ধরে বাউন্ডারির খোঁজ পেলেও থিতু হতে পারেননি ক্রিজে। যেহেতু দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনিই কিছুটা ফর্মে রয়েছেন, তাই ক্রিজে টিকে থাকার কৌশল নিতে হবে আজ তাঁকে। 

মিডল অর্ডারে তাওহীদ হৃদয় রান পেলেও রশিদ খানের সামনে ছন্দ হারিয়ে ফেলছেন। রেকর্ড বলে, এ পর্যন্ত মোট চারটি ওয়ানডেতে হৃদয় উইকেট দিয়েছেন রশিদ খানকে। মেহেদী হাসান মিরাজের কাঁধেও মিডল অর্ডার টেনে নেওয়ার গুরুদায়িত্ব। অবশ্যই সেটা স্ট্রাইকরেটের কথা মাথায় রেখে!

আরও পড়ুন

×