ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চ্যাম্পিয়ন প্রোটিয়াদের হারিয়ে শুরু পাকিস্তানের

চ্যাম্পিয়ন প্রোটিয়াদের হারিয়ে শুরু পাকিস্তানের
×

পাকিস্তানের উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৭:৫৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করল চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। লাহোর টেস্টে ৯৩ রানে হেরেছে এইডেন মার্করামের দল। অন্য দিকে জয় দিয়ে নতুন চক্র শুরু করেছে পাকিস্তান। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১১০.৪ ওভারে ৩৭৮ রান তোলে পাকিস্তান। ওপেনার ইমাম উল ৯৩ রানের ইনিংস খেলেন। লোয়ার মিডলে টি-২০ অধিনায়ক সালমান আঘা ৯৩ রান যোগ করেন। এছাড়া অধিনায়ক শান মাসুদ ৭৬ ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ৭৫ রানের ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে স্পিনার সিনুরান মুত্তুস্বামী ছাড়া কেউ ধাক্কা দিতে পারেননি। তিনি ৩২ ওভারে ১১৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। সুব্রায়েন নেন ২ উইকেট। 

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২৬৯ রানে আটকে যায়। চারে নেমে টনি ডি জর্জি ১০৪ রানের ইনিংস খেলেন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তিনি। এছাড়া ওপেনার রায়ান রিকেলটন ৭১ রান করেন। ১৯২ রানে চতুর্থ উইকেট হারানো প্রোটিয়ারা লোয়ার মিডল অর্ডার থেকে রান পায়নি। পাকিস্তানকে ১০৯ রানের লিড এনে দেন বাঁ-হাতি স্পিনার নোমান আলী। তিনি ১১২ রান দিয়ে ৬ উইকেট নেন। ডানহাতি অফ স্পিনার সাজিদ খান নেন ৩ উইকেট। 

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ভালো হয়নি। মুত্তুস্বামী ৫টি ও হার্মার ৪ উইকেট নিয়ে ১৬৭ রানে অলআউট করে দেয় স্বাগতিকদের। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক ৪১ ও বাবার আজম ৪২ রান যোগ করেন। সূদ শাকিল খেলেন ৩৮ রানের ইনিংস। লিড যোগ করে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৭৭ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। 

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৩ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়াদের হয়ে রিকেলটন ৪৫ রান করেন। ডেওয়াল্ড ব্রেভিস ৫৪ রানের ইনিংস খেলেন। স্পিনার নোমান আলী ও পেসার শাহিন আফ্রিদি শেষ ইনিংস থেকে চারটি করে উইকেট তুলে নেন। বাকি দুই উইকেট যায় সাজিদ খানের পকেটে।

আরও পড়ুন

×