ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অসিদের কাছে ১০ উইকেটের হার 

অসিদের কাছে ১০ উইকেটের হার 
×

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় নিগার সুলতানা জ্যোতি। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১৯:১২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ | ১৩:০২

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর দুই ফেভারিট ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তারা। 

বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অ্যালিসা হিলির অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের ৯ উইকেটে করা ১৯৮ রান ২৫.১ ওভার হাতে রেখে টপকে যায় তারা। এ জয়ে সেমি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও পরে সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পাঁচ নম্বরে নামা সোবহানা মুস্তারির অপরাজিত ৬৬ রানের সুবাদে দুইশর কাছাকাছি স্কোর গড়ে বাংলাদেশ। এ ছাড়া ওপেনার রুবাইয়া ঝিলিক ৪৪ রান করেন। কিন্তু এই পুঁজি নিয়ে অসি ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের বোলাররা। 

এই ফরম্যাটে এটি কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এ তালিকায় সর্বোচ্চ ২১৮ রান তাড়া করে জয়টিও অসিদেরই। 

গতকালের হারের জন্য ব্যাটারদের ওপর বেশি দায় চাপিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমাদের শুরুটা ভালোই হয়েছিল, মাত্র ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লে কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু এরপর আর জুটি হয়নি। এই কন্ডিশনে আমাদের আরও রান করা উচিত ছিল। আজ আমাদের দুই স্ট্রাইক বোলারকে (মারুফা ও নাহিদা) ভীষণ মিস করেছি।’ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।   

আরও পড়ুন

×