জাতীয় সাঁতারে ব্রোঞ্জজয়ী পাবেন ৫০০ টাকা!
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১১:৪৩
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতা। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নারীদের তিনটি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ইভেন্ট যুক্ত করলেও আলোচনায় পদকজয়ীদের আর্থিক পুরস্কার নিয়ে। স্বর্ণজয়ী সাঁতারু দুই হাজার টাকা, রৌপ্যজয়ী সাঁতারু এক হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ী সাঁতারু ৫০০ টাকা পাবেন। এ ছাড়া প্রতিটি জাতীয় রেকর্ডের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।
পদকের আর্থিক পুরস্কারের অঙ্ক নিয়ে সমালোচনা হচ্ছে। কারও কারও মতে, ব্রোঞ্জজয়ীদের ৫০০ টাকা দেওয়াটা বিব্রতকর। তবে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন তা মানতে নারাজ। বরং তাদের এ উদ্যোগকে সবার সাধুবাদ জানানো উচিত বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি না, এটা বিব্রতকর। আগে কখনোই টাকা দেওয়ার প্রচলন ছিল না। এবার নতুন করে শুরু করলাম। একটা সাঁতারু যদি পাঁচটা ব্রোঞ্জ পায়, তাহলে তার আড়াই হাজার টাকা হবে। যে ব্রোঞ্জ পাবে সেই এই সামান্য অর্থ পেলে চেষ্টা করবে যেন স্বর্ণ পায়। তাকে ভালো করার জন্য উদ্বুদ্ধ করবে। আরেকটি জিনিস হলো, আমাদের বাজেট সীমাবদ্ধ। আমি যে উদ্যাগ নিয়েছি, সেটার প্রশংসা করেন আপনারা।’
এবারের প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ ২৫ লাখ টাকা প্রদান করছে এবং বাকি টাকা ফেডারেশন বহন করবে। এবারও জাতীয় সাঁতার হ্যান্ডটাইমিংয়ে হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ মোট ৬৭টি টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে প্রায় ৫১৬ পুরুষ ও ৭৯ নারী সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল, ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশ নিচ্ছেন।
ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের ইভেন্ট অনুযায়ী এই প্রথমবার পুরুষ বিভাগে ৮০০ মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইল এবং ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) ও ৪ গুণিত ১০০ মিটার মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্টগুলো জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন ইভেন্টগুলোসহ সাঁতারে (পুরুষ ২০টি, নারী ২০টি ও মিক্সড রিলে ২টি) মোট ৪২টি ইভেন্ট, ডাইভিংয়ে (পুরুষ তিনটি, নারী তিনটি) মোট ছয়টি ইভেন্ট এবং ওয়াটার পোলোসহ সর্বমোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- সাঁতার
