রিশাদকে টেস্টেও চান মুশতাক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১৫:৩১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারের বিধ্বংসী পারফরম্যান্সের পর তাকে নিয়ে টেস্ট ক্রিকেটের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার বিশ্বাস, খুব দ্রুতই সাদা পোশাকের ক্রিকেটেও জায়গা করে নেবেন রিশাদ।
ক্যারিবীয়দের বিপক্ষে ২০৮ রানের পুঁজি নিয়েও ৭৪ রানের বড় জয় পায় বাংলাদেশ, যার পুরো কৃতিত্বই রিশাদের। তিনি একাই ধস নামান উইন্ডিজ ব্যাটিং লাইনআপে। এমন পারফরম্যান্সের পর শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন মুশতাক।
তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী যে রিশাদ টেস্টে খেলবে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে শেষ দিকের উইকেটগুলো নেওয়ার জন্য তার মতো একজন লেগ স্পিনার খুব মারাত্মক হতে পারে। কারণ রিশাদের উচ্চতা, বাউন্স এবং দারুণ গুগলি (রং ওয়ান) আছে, যা লোয়ার অর্ডার ব্যাটারদের পক্ষে সামলানো কঠিন হবে।’
মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে ৬ উইকেট পাওয়া সহজ নয় বলেও মনে করেন এই কিংবদন্তি লেগ স্পিনার। তার মতে, এমন উইকেটে ভালো করার চাপটা আরও বেশি থাকে এবং তরুণ স্পিনাররা স্নায়ুচাপে ভুগতে পারে।
রিশাদের সাফল্যের কারণ ব্যাখ্যা করে মুশতাক বলেন, ‘একজন কোচ হিসেবে আমি প্রক্রিয়া ধরে রাখার কথা বলি। রিশাদ ঠিক সেই কাজটিই করেছে। সে উইকেটের সাহায্য পেয়ে ভেসে না গিয়ে, খুবই ধারাবাহিকতার সঙ্গে সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। এটাই তার সাফল্যের মূল কারণ।’
