চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি- মোঃ রাশেদ, চট্টগ্রাম থেকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ১৭:৪৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ | ১৭:৫৬
টানা চার সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে হেরে এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে শাই হোপের দল এগিয়ে আছে ২-০ ব্যবধানে।
সিরিজে প্রথমবারের মতো টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। প্রথম ম্যাচে ১৬ রানে জিতেছিল তারা, পরেরটিতে ১৪ রানে। এবার রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হবে সফরকারীদের।
বাংলাদেশ আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ সফরের শেষ ম্যাচে একাদশে বড় পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা খেলার ধকল সামলাতে দলের নিয়মিত অধিনায়ক শাই হোপ, বিধ্বংসী ব্যাটার শেরফান রাদারফোর্ড এবং পেসার জেইডেন সিলসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আমির জাঙ্গু, গুড়াকেশ মোতি এবং আকিম অগাস্ট।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে।
- বিষয় :
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
