নারী বিশ্বকাপ
সপ্তম হয়েও প্রায় ৭ কোটি টাকা পাচ্ছে জ্যোতিরা
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৭:৪৫ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১৭:৪৭
নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম শিরোপার জন্য লড়ছে। দুই দলের জন্যই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি। তবে ট্রফির পাশাপাশি অর্থের হাতছানিও কম নয়।
এবারের আসরে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরের (মাত্র ৩৫ লাখ ডলার) চেয়ে প্রায় এক কোটি ডলারেরও বেশি। আজ যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (প্রায় ৫৫ কোটি টাকা)। রানার্সআপ দল পাবে তার অর্ধেক, ২২ লাখ ৪০ হাজার ডলার।
এদিকে সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। টুর্নামেন্টে সপ্তম স্থান অর্জন করেও নিগার সুলতানা জ্যোতির দল প্রায় ৭ কোটি টাকার বিশাল প্রাইজমানি পাচ্ছে।
আইসিসি এবার তিনটি বিভাগে পুরস্কারের অর্থ ভাগ করেছে। অংশগ্রহণ ফি, টুর্নামেন্টে অবস্থান এবং ম্যাচ জয়। অংশগ্রহণের জন্য টুর্নামেন্টের প্রতিটি দলই আড়াই লাখ ডলার করে পেয়েছে। এর বাইরে টুর্নামেন্টে অবস্থানের জন্যও আলাদা অর্থ বরাদ্দ ছিল।
বাংলাদেশ দল সপ্তম স্থানে থেকে শেষ করায় এই খাত থেকে পাচ্ছে ২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে একটি ঐতিহাসিক জয়ের জন্য দল পেয়েছে আরও ৩৪,৩১৪ ডলার। সব মিলিয়ে অংশগ্রহণ ফি, টুর্নামেন্টে অবস্থান এবং ম্যাচ জয়ের অর্থ মিলিয়ে বাংলাদেশের মোট আয় দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
