আজ আসছেন কোচ ক্যাবরেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ১১:২০
১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুই ম্যাচ সামনে রেখে গত বৃহস্পতিবার অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে বাবা হওয়া হ্যাভিয়ের ক্যাবরেরা শুরুর দিকে দলের অনুশীলনে ছিলেন না। ক্যাবরেরার অনুপস্থিতিতে সহকারী কোচ অনুশীলন পরিচালনা করেন। তাঁকে ছাড়া তিন দিন অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা।
সোমবার জাতীয় দলের কোনো অনুশীলন ছিল না। নেপাল ও ভারত ম্যাচের প্রস্তুতি নিতে আজ আবার অনুশীলন করবেন মিতুল মারমারা। মঙ্গলবার ঢাকা আসছেন ক্যাবরেরা। এসেই বিকেলে দলের অনুশীলন সেশনে যোগ দিবেন তিনি।
জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার ডাক পেয়েছেন। কিন্তু এখনও ক্যাম্পে ওঠেননি গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, মিডফিল্ডে দুই সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, ফরোয়ার্ড রাকিব, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম। দু’দিন আগে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফিরেছেন বসুন্ধরার খেলোয়াড়রা। বিশ্রামের পর ৭ নভেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন শ্রাবণ-রাকিবরা।
সবাই অপেক্ষায় আছেন হামজা চৌধুরী ও শমিত সোমের। গতকাল সকালে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন শমিত। প্লে-অফ ফাইনাল রয়েছে ১০ নভেম্বর। ১১ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই মিডফিল্ডার। ৯ নভেম্বর ঢাকায় আসার কথা লিস্টার সিটির তারকা হামজা দেওয়ান চৌধুরীর।
